জুলাই আন্দোলন দমনে ‘নীলনকশা’ তৈরির অভিযোগ সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর ও ধনঞ্জয়ের বিরুদ্ধে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ; ২ ডিসেম্বর আদেশ
দিনে সচিবালয়ে সরকারি দায়িত্ব পালন, আর রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গোপন বৈঠক। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে এমন বৈঠকেই তৈরি হতো কৌশলগত পরিকল্পনা ও ‘নীলনকশা’। কারফিউ জারির আড়ালে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করার অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও তৎকালীন যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে তাদের ভূমিকার এমন চিত্র তুলে ধরেছে প্রসিকিউশন।
মামলার দুই আসামির মধ্যে জাহাংগীর আলম গ্রেপ্তার থাকলেও ধনঞ্জয় কুমার দাস রয়েছেন পলাতক। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তবে আসামিপক্ষের আইনজীবী মো. মজিবুর রহমান ও আমির হোসেন দুজনেরই অব্যাহতি চেয়েছেন।
উভয় পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।
ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্রের অভিযোগ
প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে যেকোনো মূল্যে ক্ষমতায় টিকিয়ে রাখার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করেন জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাস। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের প্ররোচনা ও সহায়তায় এ পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখেন তারা।
অভিযোগ অনুযায়ী, তাদের অধস্তন ও নিয়ন্ত্রণাধীন মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবহার করে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর ব্যাপক ও পরিকল্পিত আক্রমণ চালানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ ও পুলিশ শাখা-১-এর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন জাহাংগীর আলম। এ অবস্থানকে কাজে লাগিয়ে আমলাতান্ত্রিক ক্ষমতার অপব্যবহার করে আন্দোলন দমনের বিভিন্ন পরিকল্পনা ও ষড়যন্ত্রে যুক্ত হন তিনি। এসব কর্মকাণ্ডে তার অন্যতম সহযোগী ছিলেন তৎকালীন যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস।
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় নিয়মিত বৈঠক
প্রসিকিউশনের দাবি, ১৪ জুলাই থেকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় নিয়মিত বৈঠকে অংশ নিতেন জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাস। এসব বৈঠকে আন্দোলন দমনে কৌশলগত ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার, আটক ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে আদালতে পাঠানো, আন্দোলনকারীদের নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শনের পরিকল্পনা ছিল বৈঠকের আলোচ্য বিষয়।
এমনকি আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও রয়েছে আনুষ্ঠানিক অভিযোগে।
কারফিউ জারির আড়ালে হত্যাযজ্ঞের পরিকল্পনা
অভিযোগে বলা হয়েছে, ১৪ জুলাই সারাদেশে কারফিউ জারি করে নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত ১৪ দলীয় বৈঠকেও উপস্থিত ছিলেন তারা।
পরবর্তী সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে সান্ধ্য আইন জারির পরিপত্র প্রকাশ করা হয়।
পরিপত্র বাস্তবায়নে সারাদেশের পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের আন্দোলন দমনে নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে অধিক বলপ্রয়োগের মৌখিক নির্দেশও দেওয়া হয়েছিল বলে দাবি প্রসিকিউশনের।
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আবদুল্লাহ আল-মামুনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমলাদের সঙ্গে মাঠপর্যায়ে পরিদর্শন করে কার্যক্রম তদারকি করতেন জাহাংগীর আলম।
অন্যদিকে, ধনঞ্জয় কুমার দাস নিজের কার্যালয় কিংবা বিদেশে অবস্থান করেও আন্দোলন দমনের কার্যক্রম পর্যবেক্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণ করে মাঠপর্যায়ে পাঠানো, নির্দেশ অমান্যকারী কর্মকর্তাদের ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে কৈফিয়ত তলব এবং কখনো নিজেই রাস্তায় নেমে আন্দোলন দমনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
গণভবন থেকে নির্দেশনা, মাঠে প্রাণঘাতী অস্ত্র
প্রসিকিউশনের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানাতেন জাহাংগীর আলম। সেখান থেকে আন্দোলন দমনের গোপন নির্দেশনা নিয়ে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছে দিতেন তিনি।
এসব নির্দেশনার ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা এবং গুরুতর আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইনকে জাহাংগীর আলমের অনুগত ও নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউশন। অভিযোগে একটি ভিডিওর প্রসঙ্গ তুলে বলা হয়েছে, নিজের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে ইকবাল হোসাইন বলেছিলেন, ‘স্যার, গুলি করি একটা, মরে একটা, বাকিডি যায় না স্যার।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানিমূলক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন জাহাংগীর আলম বলেও অভিযোগ করা হয়েছে।
জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনও পরিকল্পনার অংশ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর আন্দোলনকারীদের সন্ত্রাসী এবং জামায়াত-শিবিরের সদস্য হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্যে ২০২৪ সালের ১ আগস্ট জামায়াত-শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয় বলে অভিযোগে উল্লেখ করেছে প্রসিকিউশন।
জাহাংগীর আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে আন্দোলন থেকে জনদৃষ্টি সরানো, সরকারের দায় আড়াল করা এবং আন্দোলনকারীদের হত্যা ও গুরুতর আহত করার ঘটনাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।
প্রসিকিউশনের ভাষ্য, সরকারের ওই রাজনৈতিক কৌশলের অন্যতম উদ্ভাবক, পরিকল্পনাকারী ও অনুঘটক ছিলেন জাহাংগীর আলম।
৮৩৪ জন নিহতের অভিযোগ
আনুষ্ঠানিক অভিযোগে জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের নির্দেশ, ষড়যন্ত্র, সহায়তা, প্ররোচনা ও সম্পৃক্ততায় দেশের বিভিন্ন জেলায় ৮৩৪ জন নিহত হওয়ার জেলাভিত্তিক তালিকা তুলে ধরা হয়েছে।
ঢাকা, কুমিল্লা, ভোলা, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, যশোরসহ বিভিন্ন জেলায় নিহতদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় ৭৬ জনকে হত্যার অভিযোগও রয়েছে। নিহতদের মধ্যে কয়েকজনের নাম-পরিচয়ও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মাধ্যমে প্রায় ১ হাজার ৪০০ আন্দোলনকারীকে হত্যা এবং ২৫ হাজারের বেশি মানুষকে আহত করার অভিযোগ আনা হয়েছে।
দুই সাবেক আমলার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন ও অন্যান্য অমানবিক আচরণ সংঘটনের নির্দেশ, প্ররোচনা, উসকানি, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। একইসঙ্গে অপরাধ প্রতিরোধে ব্যর্থতা এবং অপরাধে জড়িতদের শাস্তি না দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এসব অপরাধ আসামিদের জ্ঞাতসারে সংঘটিত হয়েছে বলে দাবি প্রসিকিউশনের।
‘বাধ্য হয়ে বৈঠকে অংশ নিতেন’
আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়ে প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান বলেন, আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রসচিব হিসেবে জাহাংগীর আলম দিনের বেলায় সচিবের দায়িত্ব পালন করতেন। রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠকে অংশ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনের নীলনকশা তৈরি করতেন।
তার দাবি, কাগুজে বলপ্রয়োগের অন্যতম মাধ্যম ছিল কারফিউ জারি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুলসংখ্যক ছাত্র-জনতা নিহত হন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, তাদের মক্কেলরা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তারা সরকারের দায়িত্ব পালন করেছেন, ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করেননি। জাহাংগীর আলম বাধ্যতামূলকভাবে বৈঠকে অংশ নিতেন এবং নিরুপায় হয়েই সেখানে উপস্থিত থাকতেন বলে আদালতে দাবি করেন আইনজীবীরা।
এখন আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে মামলাটি।
Reporter Name 























