হাওর বার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে দিলটি। আজ শনিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে পুরান পল্টনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি পুরান পল্টনের হাউজ বিল্ডিংয়ের গলি থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়ে গিয়ে শেষ হয়। কয়েক হাজার নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।
মিছিলটি ফকিরাপুল পানির ট্যাংকের কাছে আসলে আরো কয়েক হাজার নেতাকর্মী এতে যুক্ত হয়। মিছিলটি পানির ট্যাংক অতিক্রম করলে পেছন দিক থেকে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। নেতাকর্মী বিভিন্ন গলি দিয়ে চলে যায়। এসময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
মির্জা আব্বাস ও বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম বাবুল, হারুনুর রশীদ, আ ক ম মোজাম্মেলন হক, খান রবিউল ইসলাম রবি প্রমুখ।
Reporter Name 
























