হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে পুলিশের প্রিজন ভ্যানে হামলাকারীদের চিনেন না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা অনুপ্রবেশকারী কি না, সে বিষয়ে সন্দেহ আছে তাঁর।
আজ বেলা পৌনে ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।
‘চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে ঘিরে গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ) ওপর যারা হামলা চালিয়েছে, তাদেরকে আমরাও চিনি না, বরং আশঙ্কা করছি হামলাকারীরা অনুপ্রবেশকারী কি না’, বলেন ফখরুল।
‘এখন কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তার পরও হঠাৎ করে গ্রেফতার বেড়ে গেছে। গ্রেফতার করে তুলে নিয়ে যাওয়া এবং নিয়েছে বলে অস্বীকার করাটা অশনিসংকেত’, যোগ করেন বিএনপির মহাসচিব।
সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের উদ্দেশ্য একটাই-বিরোধীদল যাতে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে। সে জন্য তারা রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। তারা আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠায় নীল নকশার দিকে অগ্রসর হচ্ছে।’
‘আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে গ্রেফতারকৃত রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হোক। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিন।’
ওই সময় বাসায় বাসায় তল্লাশির নামে বিএনপির নেতাকর্মীদের হয়রানি বন্ধ করারও আহ্বান জানান মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য অর্পণা রায়, নিপুন রায় চৌধুরী প্রমুখ।
Reporter Name 
























