হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আদালতকে অবমাননা করেছে। কী রায় হবে সেটা জানেন আদালত। কিন্তু কী রায় হবে সেটা না জেনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আদালতকে হুমকি দিচ্ছেন। বিএনপি এটা করতে পারে না। রায়কে ঘিরে কোনো নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হলে মোকাবেলা করার জন্য সরকার লাগবে না, জনগণই প্রতিরোধ করবে।
আজ দুপুরে নারায়ণগঞ্জের গোগনগরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাইলিং কাজের উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করেছে এবারও তারা নির্বাচনে না এলে আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতার একটা ফাঁক তৈরি হবে। কিন্তু তা ভেবে থাকলে তারা বোকার স্বর্গে বাস করছেন। এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে না, অনেকগুলো দল এবার নির্বাচনে অংশ নেবে।
সেতুমন্ত্রী কাদের বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নারায়ণগঞ্জবাসীকে উপহার দেওয়া হলো। এটি নাসিম ওসমানের নামে নামকরণের দাবির বিষয়ে আমি এটি প্রস্তাব করবো।
এর আগে কাশিপুরে চীন মৈত্রী সেতুর (মোক্তারপুর সেতু) সংযোগ সড়কে আরো দু’টি ক্ষতিগ্রস্ত সেতুর সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
Reporter Name 
























