হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গেট যারা ভেঙ্গে ভিসি অফিসে ঢোকেছে তাদেরও শাস্তি হওয়া উচিৎ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রলীগ যদি অপরাধী হয় তাহলে অপরাধের শাস্তি আমরা দিয়ে আসছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যদি কোন অন্যায় করে থাকে তাহলে ছাত্রলীগকে অবশ্যই শাস্তি পেতে হবে।
আজ (২৪ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের রাস্তায় বিআরটিএ- এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পাশাপাশি ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, একটা দিক দেখলেন? আরেকটা দিক দেখলেন না। এই যে আরেকটা সাইড ভিসির অফিসের গেট ভেঙ্গে ঢোকার কি কোন নিয়ম আছে? এটা কি কোন গণতান্ত্রিক পন্থা। এটা কি আন্দোলনের অংশ?
‘আর ছাত্রলীগের এখানে অংশগ্রহণ কী? ভিসি বলেছেন, ছাত্রলীগের ছেলে মেয়েরা যদি এসে উদ্ধার না করত, তাহলে তার জীবনের উপর হামলার আশঙ্কা থাকত। জোরপূর্বক ভিসি অফিসে ঢোকা হয়েছে এটা কি গণতান্ত্রিক আন্দোলন?
বিএনপির রূপরেখা দেয়ার প্রসঙ্গে কাদের বলেন, বিএনপির রূপরেখা দেওয়ার কথা আমরা শুনতেছি এক বছর আগে থেকে। তখনও বারবার বলছে শিগগিরই, শিগগিরই বলতে বলতে একবছর পার। এর সঙ্গে তত্ত্বাদায়ক আর নিরপেক্ষ সরকারের কথাও তারা বলছে। আসলে তারা কি চায় সেটাই তারা জাতির কাছে পরিষ্কার করতে পারেনি।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের বৈঠকের বিষয় জানতে চাইলে কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে বসে সংসদে আলাপ আলোচনা করবে এটাও কি মিডিয়া জানতে হবে? সংসদের কার্যপ্রণালী নিয়ে কথা বলতে হয়, বলেছেন। কার্যবিধি নিয়ে প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে বসে কথা বলতেই পারে।
এটাকে আপনারা বলছেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বসেছেন। এটা কি আপনারা হাওয়া থেকে বলছেন, এ ধরনের কিছু আমার জানা নেই। আমি জানি না। এটা যখন হওয়ার তখন হবে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে এটা স্বাভাবিক ঘটনা।
Reporter Name 
























