হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘দেশের মানুষ বোকা ও উন্মাদ নয় যে বিএনপিকে ক্ষমতায় আনবে। মানুষ কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় দেখতে চায় না, সেটা আগামী সংসদ নির্বাচনেই প্রমাণ হবে।
আজ (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনেই জনগণ প্রমাণ করবে তারা আর বিএনিপির চেয়ারপারসন খালেদা জিয়ার মতো দুর্নীতিবাজ সরকার দেখতে চান না।
তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে কাঠগড়ায় ঘুরছে, এরইমধ্যে দুর্নীতির দায়ে তারেক রহমানসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা সাজাপ্রাপ্ত হয়েছে, যাদের বিরুদ্ধে দেশ-বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ রকম একজন দুর্নীতিবাজ সাবেক ব্যর্থ প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের নেত্রীর প্রতি মানুষ আস্থা প্রকাশ করবে, এটা যারা ভাবে তাদের এটা পাগলের সুখ মনে মনে ছাড়া আর কিছুই নয়। কল্পনার মধ্যেই এই সুখ নিয়ে তাদের থাকতে হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়না প্রমুখ। মেলায় বিভিন্ন পণ্যের ৭৫টি স্টল বসেছে। আগামী শনিবার এই মেলা শেষ হবে।
Reporter Name 

























