হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা মডেল হয়েছিলেন বুশরা শাহরিয়ারের একটি গানে। এবার এই গায়িকার মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ওপার বাংলার নায়ক ওম। নিজের কথা-সুরে বুশরার নতুন সিঙ্গেল ‘তোমার আমার গল্প’। এতে তার সহশিল্পী বলিউডের গায়ক শান, সংগীতায়োজনে স্যাভি। এই গানটির ভিডিওতে গায়িকার বিপরীতে মডেল হয়েছেন ওম।
তরুণ প্রজন্মের আলোচিত গায়িকা বুশরা বলেন, ‘এই মিউজিক ভিডিওতে একটি এরেঞ্জ ম্যারেজের গল্প তুলে ধরা হয়েছে। গানটির শুটিং হয়েছে কলকাতার মন্দারমনি সমুদ্র সৈকত ও এর আশপাশের জায়গায়।’
ওমকে নিয়ে বুশরা বলেন, ‘কাজের ক্ষেত্রে ওম খুব আন্তরিক। ও ভীষণ ভাল নাচে এবং অভিনয় করে। তাই ওর অভিনয়ের সাথে তাল মেলাতে গিয়ে আমাকে বেশ কষ্টই করতে হয়েছে। তবে ওম খুব সাহায্য করেছেন আমাকে।“
‘তোমার আমার গল্প’ মিউজিক ভিডিওটি তৈরি করেছেন ঋক বসু। নভেম্বরের শেষ সপ্তাহে দুই বাংলার টিভি চ্যানেল ও ইউটিউবে উন্মুক্ত করা হবে।
Reporter Name 
























