সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বিত্তবানদের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি বলেন, সিলেট বিভাগসহ বাংলাদেশের অন্যান্য জেলাতেও বিস্তির্ণ হাওরাঞ্চল রয়েছে। বছরের অন্যান্য সময় হাওরে পানি থাকার কারণে শুধু শুষ্ক মৌসুমে ধান চাষ করা হয় এবং যা থেকে ওই এলাকার মানুষের সারা বছরের খাওয়া চলে; কিন্তু এবার আকস্মিক পাহাড়ি ঢলে কৃষকের সব ফসল তলিয়ে গেছে। তাই আমাদের উচিত সাধ্যমত বানভাসী মানুষের পাশে দাঁড়ানো। কারণ আমাদের প্রত্যকেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সে দায়িত্ব পালন করার সময় এসেছে।
মঙ্গলবার মৌলভীবাজারের জুরি উপজেলায় নিরদবিহারী উচ্চ বিদ্যালয়ে হাকালুকি হাওরের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এই আহ্বান জানান।
হাওরবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা হাওর অঞ্চল পরিদর্শন করেছেন। নিজের হাতে ত্রাণও দিয়েছেন। তিনি বলেছেন, আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠব। কারণ আমাদের প্রয়োজনীয় খাদ্য মজুদ আছে। তাছাড়া দরকার হলে আরো খাদ্যদ্রব্য আমদানি করা হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক সাইদুল ইসলামসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
Reporter Name 

























