কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে অবিরাম প্রচার চালাচ্ছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। সব ভেদাভেদ ভুলে নৌকা মার্কার বিজয় ছিনিয়ে আনতে তারা স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন।
ছাত্রলীগ নেতারা কুমিল্লায় ওয়ার্ডভিত্তিক কাজ করছেন। রবিবার বেশ কয়েকটি ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
এ সময় এস এম জাকির হোসাইন বলেন, ‘নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। সারাদেশে নারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে সেলিনা হায়াৎ আইভীকে নৌকা মার্কার মনোনয়ন দেয়া হয়। নারায়ণগঞ্জবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করে।’
কুমিল্লাবাসীর উদ্দেশ্যে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা আপনাদের কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনে আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন । আপনারা কুমিল্লাবাসী নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন এবং আপনাদের অধিকার রক্ষায় তাকে কাজ করার সু্যোগ দেবেন সেটাই আমাদের প্রত্যাশা।’
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি অহিদুর রহমান জয়, আল আমিন, মনির হোসেন, সাবিনা আক্তার ও উপ-দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।
Reporter Name 

























