পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। ফলে পদ্মার আকাশে কালো মেঘ কেটে গেছে। কারণ বাঙালি বীরের জাতি, চোরের জাতি নয়। সোমবার বিকালে ফার্মগেটে কৃষিবিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি আরো বলেন, আমাদের দেশে যতো ভাল কথা বলি সেই তুলনায় ভাল কাজ সীমিত। আর্থ-সামাজিক উন্নয়নের কমপক্ষে ২৫টি সূচকে বাংলাদেশের অবস্থান পাকিস্তানের উপরে। বাংলাদেশ আজ পাকিস্তানের চেয়ে অনেক ওপরে।
শেখ হাসিনার আছে ম্যাজিক পাওয়ার, তিনি অ্যারাবিয়ান হর্স। তার নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন উচ্চতায় পৌঁছেছে।
ওবায়দুল কাদের বলেন, সমালোচনার তীর শেখ হাসিনাকে লক্ষচ্যুত করতে পারে নি। পদ্মা সেতুর অগ্রগতি ৪০ শতাংশ। পদ্মা সেতু আজ আমাদের সক্ষমতা, বাঙালির সম্মান। বিশ্বব্যাংক যে চ্যালেঞ্জ দিয়েছিলেন তা বাংলাদেশিরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর কাজ করে সেটার জবাব দিচ্ছে।
তিনি বলেন, বাঙালি বীরের জাতি, চোরের জাতি নয়- কানাডার আদালতের রায় সেটাই প্রমাণিত হয়েছে। আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই বলছি, স্বচ্ছতার সাথে যে সেতুর কাজ শুরু হয়েছে, শতভাগ সততার সাথে সেই কাজ শেষ হবে আগামী বছরের ডিসেম্বরে।
Reporter Name 

























