সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে উড়ন্ত জয় তুলেছে বাংলাদেশ। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ এবং রাকিব হোসেনের গোলে শ্রীলঙ্কাকে ৪-০তে হারিয়েছে। জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। এক পয়েন্ট করে হলেও গোলব্যবধানে বাদ পড়েছে শ্রীলঙ্কা, সেমিতে গেছে ভুটান।
বাংলাদেশে প্রথমবার খেলতে এসে গোল পেলেন ফারহান আলী ওয়াহিদ। জাতীয় দলের হয়ে তার দ্বিতীয় গোল। লঙ্কানদের বিপক্ষে সাফল্য তুলে দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন শমিত সোমও। আর বাংলাদেশের হয়ে পঞ্চম গোলের দেখা পেয়েছেন শ্রীলঙ্কা ম্যাচে অধিনায়কের দায়িত্ব পাওয়া হামজা চৌধুরী।
খেলা শুরুর প্রথম মিনিট থেকে রাইট উইঙ্গার রাকিব হোসেনকে দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। পঞ্চম মিনিটে ডি বক্সের বাইরে রাকিবকে ফাউল করেন শ্রীলঙ্কার নিলসন। হামজার শট বারের সামান্য উপর দিয়ে যায়। অষ্টম মিনিটে গোল পায় বাংলাদেশ। হামজার ক্রসে বল পেয়ে প্রথমবার শট নিলে তা ফিরে এলেও ফিরতি বল জালে জড়ান শমিত সোম, ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশ আবারও সুযোগ পায় ১৫ মিনিটে। রাইট উইং থেকে রাকিবের ক্রস কর্নার দিয়ে বের করেন শ্রীলঙ্কার স্টিভেন। কর্নারে বল ডি বক্সে পান হামজা, জোরাল শট বারের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ১৯ মিনিটে ফাউল থেকে কর্নার আদায় করে শ্রীলঙ্কা, তবে বাংলাদেশের বিপদ হয়নি। ২৪ মিনিটে ডিলান ডি সিলভা ও গ্যারেথ কেলির প্রচেষ্টা ক্লিয়ার করেন জিদান।
২৫ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিলেন রাকিব। লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরাকে বোকা বানিয়ে ব্যাকহিলে শট নিলে বারের উপর দিয়ে চলে যায়, গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ৩০ মিনিটে বল মাথায় লাগে ইব্রাহিমের, তাতে খেলা কিছুটা সময় থেমে যায়।
৪০ মিনিটে সমতায় আসার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। লেফট উইং থেকে ডিলান সিলভা ক্রস করলে পা ছোঁয়াতে পারেনি গ্যারেথ কেলি। ম্যাচে তাদের সবচেয়ে ভালো সুযোগটি হাতছাড়া হয়। ৪৪ মিনিটে আরও এগিয়ে যায় বাংলাদেশ। এবার ইব্রাহিমের বাড়ানো বল লঙ্কানদের পায়ে লেগে পান হামজা। জোরাল শটে সুজন পেরেরাকে পরাস্ত করেন, ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আসে বিরতি।
বিরতির পর বাংলাদেশ শুরুটা করে ধীরে। ৫৩ মিনিটে শমিতের দেয়া বলে শ্রীলঙ্কার ছয় ডিফেন্ডারকে কাটিয়ে একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করেন ফারহান আলী ওয়াহিদ, ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৫৬ মিনিটে কাজেম শাহ কিরমানির দূরপাল্লার শট ঠেকিয়ে দেন সুজন পেরেরা। ৭০ মিনিটে ভালো সুযোগ তৈরি করে দেন রাকিব। শুকি ইতোফুসা গোলরক্ষককে একা পেলেও বল জালে দিতে পারেননি। বাঁ-দিকে ফয়সাল আহমেদ ফাহিম অবশ্য একা ছিলেন সেসময়।
শুকি ইতোফুসা ৭১ মিনিটে ফাহিমকে সুযোগ তৈরি করে দেন, গোল করতে পারেননি ফাহিম। শেষ দশ মিনিটের দিকে ব্যথা পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় সাদ উদ্দিনকে। ৮৫ মিনিটে শুকি ডি বক্সের বাইরে থেকে আবারও জোরাল শট করেন, ঠেকিয়ে দেন সুজন।
শমিত সোম ৮৬ মিনিটে আরও একটি অ্যাসিস্ট করেন। মাঝমাঠ থেকে রাইট উইং দিয়ে বল বাড়ান রাকিবের দিকে। বল টেনে নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ শটে জালে পাঠান এ ফরোয়ার্ড, ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৯৩ মিনিটে শ্রীলঙ্কার আক্রমণ দুবার আটকে দেন মো. হৃদয়। শেষে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
Reporter Name 

























