ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে সংস্থাটির কাছে অনুরোধ জানিয়েছে তুরস্ক। গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের ওপর হামলার অভিযোগে চলমান বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক। শুক্রবার তিনি এ তথ্য জানান। খবর আনাদোলুর।
তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোস্যালে দেওয়া এক বিবৃতিতে গুরলেক বলেন, আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত ওই ঘটনার জেরে নেতানিয়াহু, আফেক মস্কোভিচসহ ৩৫ আসামির বিরুদ্ধে ইস্তাম্বুলের ১১তম উচ্চ ফৌজদারি আদালতে বিচারিক কার্যক্রম চলছে।
বিচারমন্ত্রী জানান, ২০২৬ সালের ১৪ জুলাই গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিচার মন্ত্রণালয়।
এ-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে বলে জানান গুরলেক।
তার ভাষ্য, আন্তর্জাতিক জলসীমায় মানবিক ত্রাণ নিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হামলা এবং তাদের আটকের অভিযোগে নেতানিয়াহু ও মস্কোভিচের বিচার চলছে। মামলায় মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত আঘাত, নির্যাতন, সম্পত্তির ক্ষতিসাধন, সশস্ত্র ডাকাতি এবং পরিবহনমাধ্যম ছিনতাইয়ের মতো অভিযোগ আনা হয়েছে।
গুরলেক বলেন, গাজায় সংঘটিত অপরাধগুলো ধামাচাপা দেওয়ার সুযোগ তুরস্ক দেবে না। একই সঙ্গে দায়ীদের দায়মুক্তি থেকে সুরক্ষা দেওয়ারও সুযোগ থাকবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক আইনের আওতায় থাকা সব ধরনের বিকল্প তুরস্ক দৃঢ়তার সঙ্গে প্রয়োগ করবে।
Reporter Name 
























