প্রসেসিং ক্ষমতার দৌড়ে নতুন রেকর্ড গড়েছে অ্যালফাবেটের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট গুগল জেমিনি। ওপেনএআই-এর চ্যাটজিপিটি -এর পথ ধরে জেমিনিও এবার ১০০ কোটি (১ বিলিয়ন) মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত গুগলের একটি অফিশিয়াল ব্লগ পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইয়াহু টেকের বরাতে জানা যায়, সংস্থাটি সম্প্রতি তাদের আয়ের প্রতিবেদন প্রকাশ করার সময় জেমিনির ব্যবহারকারী ৯৫০ মিলিয়ন ছিল বলে জানিয়েছিল। সেখান থেকে এক মাসেরও কম সময়ে এই সংখ্যা ১০০ কোটি অতিক্রম করে।
গুগল জানায়, জেমিনি ব্যবহারকারীদের মধ্যে ৬৩ শতাংশ মানুষ টাইপিংয়ের চেয়ে সরাসরি ভয়েস প্রম্পট বা কথা বলে কমান্ড দিতে বেশি পছন্দ করেন। বিশেষ করে দৈনন্দিন নানা কাজে ব্যস্ত অভিভাবকরা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় ৪৩ শতাংশ বেশি ভয়েস কমান্ড ব্যবহার করছেন।
এ ছাড়া জেমিনির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- লাইভ ক্যামেরা ও স্ক্রিন শেয়ার: প্রতি ৫টি মিথস্ক্রিয়ার ১টিতেই ব্যবহারকারীরা লাইভ ক্যামেরা ফিড বা স্ক্রিন শেয়ারিং অপশন ব্যবহার করছেন।
অ্যাপল ব্যবহারকারীদের অবদান: ১০০ কোটির মধ্যে ১০ কোটি ব্যবহারকারীই অ্যাপল প্ল্যাটফর্মের। গবেষণায় দেখা গেছে, ম্যাকওএস ব্যবহারকারীরা অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় দ্বিগুণ বেশি জেমিনি ব্যবহার করছেন।
দৈনিক ১৫০ মিলিয়ন ছবি তৈরি: ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে জেমিনির ইমেজ জেনারেটর টুল অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে প্রতিদিন জেমিনি গড়ে ১৫ কোটি (১৫০ মিলিয়ন) ছবি তৈরি করে দিচ্ছে।
২০২৪ সালে আত্মপ্রকাশ করা জেমিনিকে অ্যাপ ছাড়াও গুগল ব্রাউজার, অ্যান্ড্রয়েড ফোন এবং গুগল ওয়ার্কস্পেস (ড্রাইভ, ডকস, শিটস ইত্যাদি)-এর সাথে যুক্ত করা হয়েছে।
এই সাফল্য চ্যাটজিপিটির সঙ্গে গুগলের প্রতিযোগিতাকে আরও উসকে দিলো। এআই চ্যাটবট হিসেবে বিশ্বজুড়ে প্রথম ১ বিলিয়ন মাসিক ব্যবহারকারীর রেকর্ড গড়েছিল ওপেনএআই-এর চ্যাটজিপিটি।
অন্যদিকে, অ্যানথ্রোপিকের ক্লড চ্যাটবট ব্যবহারের দিক থেকে সংখ্যায় কিছুটা পিছিয়ে থাকলেও সাম্প্রতিক প্রান্তিকে তাদের প্রবৃদ্ধি চমকপ্রদ। রয়টার্সের তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ক্লডের বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬০ লাখে, যা গত বছরের তুলনায় প্রায় ৬৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে ব্যবহারকারী বৃদ্ধির এই সুখবরের মধ্যেই মঙ্গলবারে ওয়াল স্ট্রিটে গুগলের শেয়ারদর ৩.৪ শতাংশ কমে ৩৪৩.৮৯ ডলারে নেমে আসে। গত ৫টি ট্রেডিং সেশনে গুগলের শেয়ারে মোট ৮.৪ শতাংশ পতন দেখা গেলেও, সার্বিকভাবে চলতি বছরে প্রযুক্তি খাতের এই জায়ান্টটির শেয়ারের দর ৯.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Reporter Name 

























