গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গজিয়াপাড়া গ্রামে ৪ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত জিহাদ গজিয়াপাড়া গ্রামের মোছা মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার অভিযুক্ত যুবকের বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ৪ বছরের শিশুটিকে পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায়। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
অভিযোগ রয়েছে, অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে অসুস্থ শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ অভিযুক্ত জিহাদকে গ্রেপ্তার করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, এমন নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধ বেড়ে যাবে।
Reporter Name 

























