যুক্তরাজ্যের বার্মিংহামে একটি জুয়েলারি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। অনুষ্ঠানে তার উপস্থিতি এবং পারফরম্যান্স দর্শকদের মাঝে আনন্দ ছড়ালেও, ভেন্যুর বাইরে ছিল ভিন্ন চিত্র। অতিরিক্ত ভিড়ের চাপে এক নারী ভক্ত হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত রোববার বার্মিংহামে কারিনাকে একনজর দেখতে হাজারো ভক্ত ভিড় করেন। এ সময় অনেকে প্রিয় তারকাকে উপহার দিতে ভিড়ের মধ্যে ঠেলেঠুলে সামনে আসার চেষ্টা করেন। কারিনা মঞ্চে উঠে ভক্তদের অভিবাদন জানান এবং তার জনপ্রিয় ‘ফেভিকল সে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন।
তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে একজন নারী হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য নিয়ে যান। এই ঘটনায় উপস্থিতদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। একই সঙ্গে বড় আয়োজনে ভিড় নিয়ন্ত্রণের দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
অনুষ্ঠানে কারিনা পরেছিলেন জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি একটি ঝলমলে শাড়ি। তার হালকা মেকআপ এবং হীরার গহনা ভক্তদের নজর কেড়েছে। অনুষ্ঠানের ছবি কারিনা তার ইনস্টাগ্রামে শেয়ার করলে বোন কারিশমা কাপুর এবং স্বামীর বোন সাবা পাতৌদিসহ অনেকেই তার রূপের প্রশংসা করেন।
Reporter Name 

























