দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত, সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের জটিলতা ও মানসিক কষ্টের কারণে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন। তবে সন্তানদের অনুরোধে তিনি শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ভিডিওর মাধ্যমে জানিয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) ফেসবুকে একটি লাইভ ভিডিওতে সন্তানদের সঙ্গে উপস্থিত হয়ে হিরো আলম জানান, তিনি আর আত্মহননের পথে যাচ্ছেন না। এর আগে দিনজুড়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে তিনি নিজের জীবন শেষ করার ইঙ্গিত দেন। মূলত স্ত্রী রিয়া মনির প্রতি তার অভিযোগ ও মানসিক আঘাত থেকেই এই চরম সিদ্ধান্ত নেন বলে তিনি জানান।
প্রথম পোস্টে হিরো আলম লিখেছিলেন, “আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল— মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি— আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।” পরবর্তীতে আরেক পোস্টে তিনি বলেন, “আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিলো।”
গত কয়েক মাস ধরে স্ত্রী রিয়া মনিকে ঘিরে নানা বিতর্কে ছিলেন হিরো আলম। তিনি দাবি করেন, রিয়া মনি কক্সবাজারে তার প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন— যা নিয়ে দাম্পত্য সম্পর্কে গভীর সংকট দেখা দেয়। এই ঘটনার প্রেক্ষিতেই হিরো আলম সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ ও মানসিক ভেঙে পড়ার কথা প্রকাশ করেন।
অবশেষে সন্তানদের আবেগময় অনুরোধ ও মানুষের ভালোবাসা তাকে জীবন বেছে নিতে অনুপ্রাণিত করে। লাইভে তিনি সন্তানদের উদ্দেশে প্রতিশ্রুতি দেন যে, তিনি আর এমন সিদ্ধান্ত নেবেন না এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করবেন।
Reporter Name 
























