আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের পর বিরাট কোহলি ও রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন তীব্র হয়েছে। কিন্তু ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘এ ধরনের কোনো সিদ্ধান্ত সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। খেলোয়াড়দের খেলার সময়কাল নির্ধারণ করা উচিত একমাত্র পারফরম্যান্সের ভিত্তিতে।
বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই বছর টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে ওয়ানডে থেকে অবসরের খবর উঠে এসেছে। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে অনেকে সম্ভাব্য বিদায়ি সিরিজ হিসেবে দেখছেন।
গাঙ্গুলি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না, তাই মন্তব্য করতে পারছি না। যারা ভালো খেলবে, তারাই দলে থাকবে।
যদি ভালো খেলে, তবে খেলা চালিয়ে যাওয়া উচিত। কোহলির ওয়ানডে রেকর্ড অসাধারণ, রোহিত শর্মারও তাই। দুজনেই সাদা বলের ক্রিকেটে অসাধারণ খেলোয়াড়।’উল্লেখ্য, কোহলি ও রোহিত সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে খেলেন ফেব্রুয়ারি ২০২৫-এ।
গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই দুই কিংবদন্তি ২০২৫ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। রোহিত ৭ মে অবসরের ঘোষণা দেন, আর কোহলি ১২ মে তার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের স্মৃতিচারণা করে বিদায় জানান।