সীমান্ত, নদী ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে এবার জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এ লড়াই বিএনপি বা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে নয়, বরং দেশের জনগণের অংশগ্রহণে হবে।
রোববার (২৯ নভেম্বর) রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রাজশাহী মহানগর ও জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, আজও শরীয়তপুরে পদ্মা সেতুর সংযোগ সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে। গত কয়েক সপ্তাহ ধরে এ পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে তাদের রাজপথে নামতে হচ্ছে। গত দুই বছর ধরে তারা খুনি হাসিনার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার, তিনটি অবৈধ নির্বাচন এবং লাখো কোটি টাকা লুটপাটের বিচার দাবি করে আসছেন।
তিনি বলেন, গত আট মাসে সরকার আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া স্থবির করে রেখেছে। জুলাই সনদ না মেনে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয় ঐক্য ভেঙে দেওয়া হয়েছে। বিএনপির ওপর জনগণের আস্থা নেই। ৫ আগস্ট দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। অথচ এখন দেশের মানুষকে রাজপথে নামতে হচ্ছে বিএনপি, জামায়াত কিংবা এনসিপির জন্য নয়; দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের সীমান্ত নিয়ে চক্রান্ত চলছে। বিজেপি ও আওয়ামী লীগ যৌথভাবে সীমান্তে মহড়া দিচ্ছে। দেশের নদ-নদী নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। পানিসমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, চুক্তি নবায়নের জন্য চিঠি দিলেও ভারত কোনো জবাব দেয়নি। এর অর্থ পদ্মাকে শুকিয়ে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র চলছে। তিস্তা শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করা হচ্ছে। পদ্মাপাড়ের মানুষকেও মরুভূমির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্রে ভারতের এ দেশীয় এজেন্ট আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে।
তিনি বলেন, এবার তাদের লড়াই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এ লড়াই বিএনপির নেতৃত্বে হবে না। দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এ লড়াই করবে। জুলাইয়ের মতো ছাত্র, শ্রমিক ও জনতা আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে এবং খুনি হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করবে।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, সারাদেশে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে চান তারা। কারণ, স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে পাওয়া না গেলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যাকারী এবং মানুষের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাকারী সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। সরকার তা করতে ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার বলেন, ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বৈশ্বিক অঙ্গনে ভারতবিরোধী অবস্থান নিতে না পারে, সে জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনসিপির রাজশাহী বিভাগ, মহানগর ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।
Reporter Name 























