জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা প্রণব মজুমদার (৫৯) রাজধানীর সূত্রাপুর থানায় একটি মামলা করেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা ওই মামলায় অভিযুক্ত ইয়াছিন মজুমদার (২৩) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ওই শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার অথৈ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মামলায় বাদী অভিযোগ করেন, ‘ইয়াছিন মজুমদার দীর্ঘদিন ধরে অথৈকে উত্যক্ত করছিল। স্কুলজীবনে তাদের মধ্যে পরিচয় ছিল। আমার মেয়ে ঢাকা চলে এলে ইয়াছিন তাকে অনুসরণ করে ঢাকায় আসে এবং লালবাগ থানা এলাকায় এক রেস্টুরেন্টে চাকরি নেয়। তিনি আগের মতোই আমার মেয়েকে উত্যক্ত করতেন। পরবর্তীতে ইয়াছিন কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে।
একপর্যায়ে মিথ্যা অপবাদ দিয়ে অথৈকে মানসিকভাবে নির্যাতন করতে থাকে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংগীত উৎসবের অনুশীলন শেষে বাসায় ফেরার পথে ইয়াসিন অথৈকে গালমন্দ করে ও উৎসবে অংশ না নিতে চাপ দেয়। পরে রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। ওই বাড়ির মালিকের স্ত্রী জ্যোৎস্না বেগম প্রথমে ঘটনাটি জানতে পারেন। এরপর ইয়াছিন মজুমদারসহ কয়েকজন অথৈকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আমরা অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছি। কোর্টে চালান দিয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনকে বলেছি, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে।’
Reporter Name 

























