নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোট নিয়ে মানুষের অনীহা দূর করে তাদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আর ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
নিবাচনে সন্ত্রাসী কার্যক্রম, হুমকি-ধমকি, ভোট চুরিসহ যে কোনো অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন নির্বাচন কমিশনার।
তিনি জানান, এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেওয়া হবে।
আজ শুক্রবার দুপুরে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী পাবনার ৫টি আসনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, একটা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন সফলভাবে করার লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে, প্রার্থীদের সেই বার্তাই দেওয়া হচ্ছে। যাতে তারা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসেন। ভোট নিয়ে সংশয়ের কোনো কারণ নেই।
তিনি বলেন, গণমাধ্যমের কাউকে যদি কেউ ভয়ভীতি দেখায়, সামগ্রী কেড়ে নেয় বা ক্ষতি করে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেলোয়ার হোসেন, রাজশাহী বিভাগীয় উপ মহাপুলিশ কমিশনার আনিসুর রহমান, পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলার প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন নির্বাচন কমিশনার।
Reporter Name 






















