হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইসিডিডিআর’বিতে প্রতি ঘণ্টায় ৫০ জনের বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী আসছেন। ফলে রোগী সামলাতে বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায় রোগীর স্বজনদের ভিড় হাসপাতালটির গেটের ভেতরে। রোজা রেখে হাসপাতালে রোগী নিয়ে যাতায়াতে বেশ ভোগান্তিতে রোগীর স্বজনরা। আইসিডিডিআর’বি বলছে, প্রতি বছরই দুই মৌসুমে ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ে, তবে প্রতিদিন এত রোগী কখনোই এ হাসপাতালে ভর্তি হয়নি।
মহামারির বিধিনিষেধ উঠে যাওয়ার পর মানুষের অসাবধানতা, বাইরের খাবার ও পানীয় গ্রহণে অসতর্কতার কারণে এবার ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এই সংক্রামক রোগ থেকে বাঁচতে বাইরের খাবার না খাওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন তারা। হ পৃষ্ঠা ২ কলাম ৫ আইসিডিডিআর’বির তথ্যে দেখা যাচ্ছে, ১৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। আর এপ্রিল মাসের প্রথম ছয় দিনে হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ২৩৩ জন।
প্রতিদিন এতো রোগী আসায় চিকিৎসক ও স্বাস্থ্য সেবা কর্মীদের বেগ পেতে হচ্ছে। এত রোগী সামলানো দুরূহ হয়ে উঠছে তাদের জন্য। রাজধানীর বাসাবোর বাসিন্দা অর্পা ইসলাম বৃহস্পতিবার রাতে হাসপাতালটিতে এসেছেন। পেটব্যথা এবং পাতলা পায়খানা শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। অবস্থা খারাপের দিকে গেলে তাকে আইসিডিডিআর’বিতে নিয়ে আসা হয়। অর্পার মা রাশিদা খাতুন বলেন, সারা দিন তো ভালো ছিল। হঠাৎ পেটেব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। মধ্যরাতে নিয়ে আসি এখানে।
হাসপাতালের চিকিৎসা পেয়ে এখন আমার মেয়ে অনেকটাই ভালো। কিছুক্ষণের মধ্যে ছেড়েও দেবে। মিরপুরের পলস্নবীর বাসিন্দা শামীমা হাসপাতালে ভর্তি হয়েছেন শুক্রবার সকালে। কিভাবে পেটের পীড়ায় আক্রান্ত হলেন, তা বুঝতে পারছেন না এই স্কুলশিক্ষিকা। তিনি বলেন, ‘আমি বাইরের কোনো খাবার খাই নাই। সবসময় ফুটানো পানি খাই, অফিসেও ফিল্টারের পানির ব্যবস্থা আছে। হঠাৎ করেই পেট খারাপ করল। গরম থেকে হয়েছে কি না বুঝতে পারছি না।’ উত্তরার দক্ষিণ খানের বাসিন্দা আলিম উদ্দিন জানান, ‘বৃহস্পতিবার রাতে বাসায় খাবার পর থেকে স্ত্রী-মেয়ের অসুস্থতা শুরু হয়। বাসায় ডাল-ভাত খাইছে। ভাত, তরকারি তো বাসি ছিল না।
কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই সমস্যা শুরু হয়। অবস্থা খারাপ হলে শুক্রবার সকালে আমার স্ত্রীকে ভর্তি করেছি। পরে মেয়ের অবস্থাও খারাপ হলো, সকালে তাকেও হাসপাতালে নিয়ে এসেছি।’ তিনি বলেন, ‘দুজনকে আমার একার পক্ষে দেখা বেশ কঠিন হয়ে পরেছে। একবার মেয়েকে আরেকবার স্ত্রীকে দেখতে হচ্ছে। পানি কিংবা খাবার যে কোনো একটা থেকে এই ঘটনা ঘটেছে।’ রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা রফিক ও তার স্ত্রী সুমি তাদের দুই বছর বয়সী সন্তান লিমনকে নিয়ে আইসিডিডিআর’বিতে এসেছেন। রফিক বলেন, পেট খারাপ হওয়ার পর বাসায় ওরস্যালাইন খাইয়েছেন ছেলেকে, তবে পায়খানা ও বমি না কমায় হাসপাতালে নিয়ে আসতে হয়েছে। তিনি বলেন, ‘পায়খানা বন্ধই হচ্ছে না। একটু পরপর বাথরুমে যাচ্ছিল।
ওষুধ খাইয়েছি, স্যালাইন খাওয়াচ্ছি, তাও পায়খানা কমছে না। দুই ঘণ্টার মধ্যেই বাচ্চাটা খুব কাহিল হয়ে পড়েছে। এজন্য দেরি না করে এখানে নিয়ে এসেছি।’ আইসিডিডিআর’বির হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম যায়যায়দিনকে জানান, প্রতি বছর অন্তত দুইবার ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। সে সময় চারশ থেকে পাঁচশ রোগী আইসিডিডিআর’বিতে আসেন। তবে এবার রোগী অনেক বেশি। ঢাকার যাত্রাবাড়ী, মুগদা, শনিরআখড়া, মানিকনগর, উত্তরখান, দক্ষিণখান, কড়াইল, মোহাম্মদপুর, মিরপুর, বাসাবো এবং ঢাকার বাইরের নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকেও রোগী আসছে বলে জানালেন এই চিকিৎসক। তিনি বলেন, ‘মানুষ অসাবধান হয়ে গেছে, বাইরের খাবার বেশি খাচ্ছে বলে ডায়রিয়া ছড়িয়েছে বেশি।
আমাদের পরামর্শ হচ্ছে, বাইরের খাবার, পানি না খাওয়া। বাইরে কোথাও গেলে খাবার এবং পানি বাসা থেকে নিয়ে যাওয়া। ডায়রিয়া থেকে বাঁচার এটাই সবচেয়ে ভালো উপায়।’ ডা. বাহারুল আলম জানান, এখন বেশিরভাগ রোগী আসছেন মারাত্মক পানিশূন্যতা নিয়ে। এ কারণে হাসপাতালে আনার আগে অবশ্যই রোগীর পানিশূন্যতা দূর করার ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, ‘মারাত্মক পানিশূন্যতা একটা ক্রিটিক্যাল কন্ডিশন। যদি সঙ্গে সঙ্গে রোগীকে স্যালাইন দেওয়া না হয়, তাহলে হাসপাতালে আনার পথেও মারা যেতে পারে।
এজন্য ডায়রিয়া হলে বাসায় স্যালাইন খাওয়ানো শুরু করতে হবে। যদি স্যালাইন খেতে না পারে, তাহলে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে শিরায় স্যালাইন চালু করতে হবে। এসব ব্যবস্থা না নিয়ে যদি রোগীকে শুধু কলেরা হাসপাতালে নিয়ে আসি, তাহলে পানিশূন্যতা পূরণ করা যাবে না।’ তিনি বলেন, এত রোগী সামলাতে আমাদের সমস্যা হচ্ছে। বিভিন্ন সময় যেসব চিকিৎসক ও নার্সরা কাজ করেছেন তাদের আমরা সম্মানী দিয়ে নিয়ে এসেছি। তারপরও সবাই মিলে এত রোগী সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে সামনের দিনে কি হবে বলতে পারছি না। ধীরে ধীরে আমাদের সক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’
Reporter Name 






















