হাওর বার্তা ডেস্কঃ শনি ও রবিবার প্রায় সারা দেশেই শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। দুদিন পর অবস্থা পরিবর্তিত হয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, আগামী দুইদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে অতি মাত্রায় কমার শঙ্কা আপাতত নেই। রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। দুদিন পর আবার তাপমাত্রা কিছুটা বাড়বে। তখন শৈত্যপ্রবাহও দূরীভূত হতে পারে। এছাড়া আজ সারাদেশেই দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানান তিনি।
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের উত্তর পশ্চিমাংশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
Reporter Name 























