হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।
আজ বুধবার দুপুরে নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা জানাতে আনিসুল করিমের গাজীপুরের বাসায় গিয়ে এ কথা জানান ডিসি হারুন অর রশীদ।
ডিসি বলেন, চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালকর্মীদের মারধরের পর এএসপি মো. আনিসুল করিমের মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃকদের বুধবার (১১ নভেম্বর) থেকে রিমান্ড শুরু করা হবে। তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে মানসিক সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন সিনিয়র এএসপি আনিসুল করিম। ভর্তির পর কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি। পরিবারের অভিযোগ, ভর্তির পরপর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছেন। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, পুলিশ কর্মকর্তাকে ভর্তির পরই একটি কক্ষে নিয়ে হাসপাতালটির কর্মকর্তা-কর্মচারীরা মারধর করছেন।
Reporter Name 























