হাওর বার্তা ডেস্কঃ পূর্বনির্ধারিত টেলিভিশন লাইভ অনুষ্ঠান ফাঁসালেন হুট করে আলোচনায় আসা গায়ক আরমান আলিফ। ‘সকাল বেলার রোদ্দুর’ শিরোনামের বাংলাভিশনের সরাসরি অনুষ্ঠানটি ফাঁসিয়েছেন তিনি। এমন অভিযোগই করেছেন অনুষ্ঠানটির প্রযোজক আরিফ হোসেন। তিনি জানান, ‘সকাল বেলার রোদ্দুর’ অনুষ্ঠানের আজকের (বৃহস্পতিবার) পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আরমান আলিফের। কিন্তু কোনোরকম অবহিতকরণ ছাড়াই অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন আলিফ। ফোনে বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি অনুষ্ঠান সংশ্লিষ্টরা।
প্রযোজক আরও বলেন, ‘অনুষ্ঠানের অতিথি হওয়ার বিষয়ে আমাদের চূড়ান্ত ও শেষ কথা হয় ১ মে রাত ৮টা ৩০মিনিটে। কথা ছিল ২ মে সকাল সাড়ে ১০টায় বাংলাভিশনে উপস্থিত থাকবেন। ১১টা ০৫ মিনিটে লাইভ অনুষ্ঠান প্রচার হবে। কিন্তু আরমান আলিফ ১০টায় বাংলাভিশনে তো আসেনই নি বরং তার ফোন বন্ধ করে রাখেন। সকাল ৯টা থেকে ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এতে আমরা লাইভ অনুষ্ঠান প্রচার করতে পারিনি। একজন শিল্পীর কাছ থেকে এ ধরনের অপেশাদারমূলক আচরণ কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ। তিনি বলেন, ‘এটা অনভিপ্রেত একটি ঘটনা। কারণ, আমরা আমাদের দর্শকের প্রতি সবসময় কমিটেড থাকি। যদিও সেই কমিটমেন্ট আজ রাখতে পারিনি আরমানের অপেশাদারি আচরণের জন্য। প্রতিটি অনুষ্ঠান, বিশেষ করে লাইভ অনুষ্ঠানে প্রযোজক, উপস্থাপক ও শিল্পীর সমান দায়িত্ব থাকে। অতিথির কাছ থেকে এমন অপেশাদার আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না।’
এ ব্যাপারে জানতে আরমান আলিফের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা ছিল। আমি সকালে ওয়াশরুমে ফোন নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করে ফোনটি পানিতে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। আমি তাদের নাম্বার ম্যানেজ করার অনেক চেষ্টা করেছি কিন্তু কখন যে চোখ ঘুমে লেগে গেছে বুঝতে পারিনি।’
আরমান আলিফ আরও বলেন, ‘বাংলাভিশনের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। আমি ইচ্ছা করে এমনটা করেছি তাও না। বিষয়টি পুরোপুরি অনিচ্ছাকৃত। আগামী অনুষ্ঠান হয়ত যাবো। তখন সবকিছু জানিয়ে দিব।’
বাংলাভিশন সূত্রে জানা গেছে, দর্শকপ্রিয় ‘সকাল বেলার রোদ্দুর’ অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি রোব, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১১টা ০৫ মিনিটে প্রচার হয়।
Reporter Name 

























