হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভাল আছেন। সফল বাইপাস সার্জারি শেষে তিনি এখন আইসিইউতে রয়েছেন।
আজ বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়, সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী বিকেলে মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যান্যদের এ তথ্য জানান।
ডা. রিজভী জানান, ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে চিকিৎসকরা আগামী সপ্তাহের মাঝামাঝি তাকে কেবিনে স্থানান্তরের ব্যাপারে আশাবাদী।
এ সময় হাসপাতাল লবিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসলামুল হক, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম, ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা প্রমুখ উপস্থিত ছিলেন।
বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
Reporter Name 
























