হাওর বার্তা ডেস্কঃ বাগেরহাটের রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে চলছে নির্মাণের মহাকর্মযজ্ঞ। সহস্রাধিক শ্রমিক, কর্মচারী, কলাকুশলীর আন্তরিক চেষ্টায় এগিয়ে চলছে বিদ্যুৎকেন্দ্রের কাজ। ইতোমধ্যে জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর ও প্রশাসনিক ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের সেপ্টেম্বরে প্রথম ইউনিট কমিশনিং, একুশ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় ইউনিটের কমিশন এবং একই বছরের আগস্টে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে যুক্ত হবে এ কেন্দ্রের বিদ্যুৎ।
প্রতিদিন সহস্রাধিক শ্রমিক প্রতিদিন কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে। বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারি-কাটাখালী ও কৈগরদাশকাঠী এলাকায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। নানা প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ৪ এপ্রিল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড যৌথভাবে এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ কাজ শুরু হয়।
১ হাজার ৮৩৪ একর জমির উপর প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনে যেতে বয়লার, টারবাইন্ড, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কুলিং টাওয়ার, জেটি, কোল্ডশেড ইয়ার্ড এগুলোর নির্মাণ কাজ পুরোদমে চলছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে ঘিরে আশায় বুক বেধেছে এলাকাবাসী। স্থানীয় লোকজন মনে করছে, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে এলাকার বেকার সমস্যা দূর হয়ে কর্মসংস্থান সৃষ্টি হবে।
দেশের অনেকাংশে বিদ্যুতের ঘাটতি দূর হবে। নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণাঞ্চলের প্রতিটি জেলায় নতুন নতুন কলকারখানা গড়ে উঠবে। এই অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। স্থানীয় মো. হারুন বলেন, বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দেশের বিদ্যুতের ঘাটতি অনেকাংশে কমবে। এ অঞ্চলে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে। নতুন কর্মসংস্থান হবে। সর্বোপরি বিদ্যুৎকেন্দ্রটি এ অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য আশির্বাদস্বরূপ হবে এ বিদ্যুৎকেন্দ্রটি। বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখ লিয়াকত হোসেন বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে মোংলাবন্দরসহ দক্ষিণাঞ্চলের প্রতিটি জেলায় নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে।
আধুনিক স্থাপনা গড়ে উঠবে। এ অঞ্চলের বেকার সমস্যার সমাধান হবে। এ বিদ্যুৎকেন্দ্র এ অঞ্চলের শিল্প কলকারখানার বিদ্যুতের চাহিদা পূরণ হবে। বাংলাদেশ-ইন্ডিয়া ফেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বলেন, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের কাজ দ্রুত গতিতে চলছে। বিদ্যুৎ উৎপাদনে যেতে কেন্দ্রের ২৫ শতাংশের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সরকারের সাথে চুক্তি অনুযায়ী ২০২০ সালের সেপ্টেম্বর মাসে প্রথম ইউনিটের কমিশনিং, একুশ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় ইউনিটের কমিশনিং এবং আগস্ট মাসে বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানান তিনি।
Reporter Name 






















