হাওর বার্তা ডেস্কঃ আর্সেনিক আতঙ্কে রয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ২৮ গ্রামের মানুষ। এরই মধ্যে উপজেলার সাতটি ইউনিয়নের ২৮টি গ্রামের টিউবওয়েলের পানিতে আর্সেনিক শনাক্ত করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অফিসে এসে বিনামূল্যে আর্সেনিক পরীক্ষার তাগিদ দিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাসুদ রেজা।
বালিয়াকান্দি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে, উপজেলার সাতটি ইউনিয়নের আওতায় রয়েছে প্রায় ১৫০ গ্রাম। গ্রামগুলোয় অধিদপ্তরের দেয়া টিউবওয়েলের সংখ্যা প্রায় ৩ হাজার ২ শ’। এ ছাড়া ব্যক্তিগত টিউবওয়েল রয়েছে প্রায় ২৫ হাজার।
সম্প্রতি উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা গ্রামে কিছু মানুষ আর্সেনিকে আক্রান্ত। বাবুলতলা গ্রামের ওসমান মোল্লার পরিবারের সবার হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন অংশে ঘা দেখা দিয়েছে। সারা শরীরে ব্যথা আর প্রচণ্ড চুলকানিও অনুভব করছেন বলে জানান তারা। একই গ্রামের রোকেয়া বেগম টিউবওয়েলের পানি আর্সেনিক আক্রান্ত হওয়ায় পাশের বাড়ি থেকে খাওয়ার পানি আনেন। কিন্তু থালা-বাসন ধোয়ার কাজে বাড়ির টিউবওয়েলের পানি ব্যবহার করেন তিনি। তার হাতের আঙুলের ফাঁকে ক্ষত সৃষ্টি হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুদ রেজা জানান, সর্বশেষ ২০০৩ সালে সাতটি ইউনিয়নে খুব সীমিত আকারে আর্সেনিক জরিপ করা হয়। ওই বছরই প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
এরপর থেকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে কেউ পানি নিয়ে এলে আর্সেনিক পরীক্ষা হয়। জরিপে দেখা গেছে, ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া, শামুকখোলা, শেকাড়া, নওপাড়া, তেনাই শিবপুর, বহরপুর ইউনিয়নের বাবুলতলা, রায়পুর, ইলিশকোল, কুবদি, চরগুয়াদাহ, মধুপুর, নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী, সোনাপুর, কুরশী, সদাশিপুর, দিলালপুর, বড় হিজলী, মেসুয়াঘাটা, পদমদী, সোনাইকুড়ি, হোগলাডাঙ্গী, বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি, শালমারা, নারুয়া ইউনিয়নের নারুয়া, এলাঙ্গীডাঙ্গী, জঙ্গল ইউনিয়নের শশাপুর, নতুন ঘুরঘুরিয়া, বন্যাতৈলসহ ২৮টি গ্রামের কিছু টিউবওয়েলের পানিতে আর্সেনিক রয়েছে।
সর্বাধিক মাত্রায় আর্সেনিক পাওয়া ১০টি টিউবওয়েল বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। তবে বালিয়াকান্দি উপজেলার আরো শতাধিক গ্রামের টিউবওয়েলগুলোর ব্যাপারে জনস্বাস্থ্যের কাছে কোনো তথ্য নেই। তাছাড়া জরিপকৃত ২৮টি গ্রামের সবগুলো টিউবওয়েলের একটি ছোট নমুনামাত্র পরীক্ষা করা হয়েছে। ফলে এখনো বিপুলসংখ্যক মানুষ আর্সেনিক ঝুঁকির মধ্যে আছেন বলেও মনে করেন তিনি। ২৮টি গ্রাম বাদে অতীতে বা বর্তমানে কোনো জরিপ করা হয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ২০০৩ সালের পরে আর কোনো ঢালাও জরিপ করা হয়নি।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আব্দুল্লাহ আল মুরাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মোট ১৫ জন আর্সেনিকে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২০১৮ সালের নভেম্বর মাসে ৪জন রোগীকে শনাক্ত করে চিকিৎসা প্রদান করা হয়েছে। তিনি বলেন, ‘এখন মানুষ সচেতন যার কারণে দিন দিন আর্সেনিকে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। আমার দপ্তর থেকে আর্সেনিক আক্রান্ত রোগী সার্চিং প্রক্রিয়া চলমান রয়েছে’। যারা টিউবওয়েলের পানি পরীক্ষা করেননি তাদেরকে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে টিউবওয়েলের পানি পরীক্ষার অনুরোধ করেন তিনি। তাছাড়া আর্সেনিকে আক্রান্ত রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা জানান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে তালিকা নেয়া হয়েছে। তালিকা অনুযায়ী গ্রামগুলোতে আর্সেনিকযুক্ত টিউবওয়েলগুলো বন্ধসহ বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, বালিয়াকান্দিতে কয়েকজন আর্সেনিকে আক্রান্ত হয়েছেন বলে আমি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার ও জনস্বাস্থ্য প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি। রাজবাড়ীর সিভিল সার্জন মো. রহিম বক্স বলেন, ‘বালিয়াকান্দিতে কয়েকজন আর্সেনিক আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে আমি জনস্বাস্থ্য প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি।
আসলে নিরাপদ পানির ব্যবস্থাকরণের দায়িত্ব তো তাদের। বালিয়াকান্দি স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গেও আর্সেনিক আক্রান্তদের বিষয়টি জানিয়েছি। তারা মাঠপর্যায়ে ব্যবস্থা নেবেন।’ আর যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আর্সেনিকমুক্ত পানি ব্যবহার করাসহ প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথাও বলেন এই কর্মকর্তা।
Reporter Name 






















