হাওর বার্তা ডেস্কঃ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজশাহী। গত তিনদিন ধরেই আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের চলছে অভিযোগের প্রচারণা। এ নিয়ে ভোটের মাঠের উত্তাপ চরমে উঠেছে। এরই মধ্যে গতকাল বিএনপির গণসংযোগস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনপির অভিযোগের তীর আওয়ামী লীগ প্রার্থীর দিকে। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ এগুলো লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পরিকল্পনায় হচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারেকের ঘনিষ্ঠ ব্যক্তিরা রাজশাহীতে অবস্থান করে এসব নাশকতা করে যাচ্ছে। তবে এ নিয়ে প্রশাসন এখনো কোনো মন্তব্য করতে চাচ্ছে না।
গতকাল ককটেল বিস্ফোরণে এক সাংবাদিক, স্থানীয় এক ব্যবসায়ীসহ পাঁচজন আহত হওয়ার পর আতঙ্কে স্থানীয়রা। এদিকে নির্বাচনি প্রচারণায় সরগরম সিলেট ও বরিশাল নগরীও। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাজশাহী নগরীর সাগরপাড়া মোড় এলাকায় বিএনপির গণসংযোগ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রক্তাক্ত হয়েছেন পাঁচজন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতরা হলেন বাংলাভিশনের রাজশাহী প্রতিনিধি আদিত্য চৌধুরী, স্বপন কামার। বিএনপি থেকে বলা হচ্ছে তাদের কর্মী হাবিবুর রহমান, খোকন ও কালু আহত হয়েছে। এ ঘটনায় আহত স্বপন কামারের ছেলে প্রচিন কামার বলেন, পৌনে ১১টার দিকে সাগরপাড়া মোড়ে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের গণসংযোগে নিজের প্রচারণা চালাচ্ছিলেন।
আর পাশে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনটি মোটরসাইকেলে মুখোশধারীরা এসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তাদের হাতে শর্টগানও ছিলো। পরে তারা দ্রুত সাগরপাড়া থেকে টিকাপাড়ার রাস্তা হয়ে পালিয়ে যায়। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। তবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বাবুল বলেন, আওয়ামী লীগের জন্ম মাটি ও মানুষ থেকে। বোমা, আগুন সন্ত্রাসের কাজ আওয়ামী লীগ করে না। এ ঘটনা কে বা কারা করেছে আমরা জানি না। নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম জানায়, ঘটনা শুনেছি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে এ ঘটনার পর দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন মহাজোটের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ইন্ধনেই বিএনপির মেয়রপ্রার্থীর পথসভায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি বলেন, নাটোরের ত্রাস হিসেবে খ্যাত, বাংলাভাইয়ের মদদদাতা রুহুল কুদ্দুস তালুকদার গত সোমবার থেকে রাজশাহীতে অবস্থানের পর থেকেই উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সোমবার রাতে রাজশাহীর পর্যটন মোটেলে লন্ডনে থাকা বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বেশ সময় ধরে কথা বলেন দুলু। তারেকের কথামত সকালে দুলু এ কাণ্ড ঘটিয়েছে।
তিনি বিএনপি নেতা দুলুকে গ্রেপ্তারেরও দাবি জানান। তিনি বলেন, নাটোরের দুলুকে সবাই চিনেন। তিনি বাংলাভাইয়ের অন্যতম মদদদাতা, জঙ্গির পৃষ্ঠপোষক। তারেকের নির্দেশে দুলুর পরিকল্পনায় নিজেরাই বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভোটের উৎসবকে ম্লান করতে চাইছেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, নাটোরের ত্রাস দুলু রাজশাহীতে এসে ভোটের মাঠ উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। রাজশাহী শান্তির জনপদ। এখানে আগে কোনো নির্বাচনে সহিংসতা ঘটেনি। যত সহিংসতা ঘটেছে সব নাটোরে। দেশের মানুষ সাক্ষী আছে। সেই নাটোরের সন্ত্রাস এখন রাজশাহীতে পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে। তিনি অবিলম্বে দুলুর গ্রেপ্তার দাবি করেন।
এর আগে গত সোমবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পোস্টার ছেড়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং অফিসারের কাছেও অভিযোগ দেওয়া হয়। সোমবার বিকালে লিটনের নির্বাচনি আইন সহায়তা উপ-কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম এ অভিযোগ করেন। চারটি অভিযোগ অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম উল্লেখ করেছেন, নগরীর হাদীর মোড় থেকে শহিদ মিনার পর্যন্ত লিটনের পোস্টার লাগানো ছিল। গত রোবরার রাতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নৌকা প্রতীকের প্রার্থীর ২০-২৫টি ফেস্টুন কেটে ফেলে। এ বিষয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ফেস্টুন কেটে নৌকা প্রতীকের প্রার্থীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করারও অভিযোগ আনা হয় মামলায়।
অপরদিকে, শাহ মখদুম থানার আমচত্বরের পূর্বদিকে রাত ৮টার দিকে নৌকার সমর্থকদের ভয়ভীতি দেখায় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থকরা চরম আতঙ্কে আছে বলে অভিযোগ করা হয়। অন্যদিকে সিলেটে দুই প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগেও সম্প্রীতির ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী। দুজন দুজনের বিরুদ্ধে বহু অভিযোগ করলেও একাধিক অনুষ্ঠানে তাদেরকে কোলাকুলি করতে দেখা যায়। আরিফ অভিযোগ করেন তার কর্মী-সমর্থকদের নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। যদিও কামরান সেই অভিযোগ অস্বীকার করে বলেন, হুমকি দেওয়ার রেওয়াজ তার নেই।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর ঝর্ণারপাড় এলাকায় গণসংযোগকালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, পুলিশ বাড়াবাড়ি করলে হয় নির্বাচন করবো, নতুবা অন্যায়ের প্রতিবাদ করবো। পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে হুঁশিয়ারি দিয়ে আরিফ বলেন, পুলিশ ফোন করে আমার এজেন্টদের তালিকা চাইছে। এটা তাদের দায়িত্ব নয়। আমি পুলিশকে বাড়াবাড়ি না করতে বলবো। এই সিলেটে কোনো অন্যায় সহ্য করা হবে না। প্রয়োজনে রক্ত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবো। তিনি বলেন, সিলেট গাজীপুরের মতো হবে না। সিলেটকে গাজীপুর মার্কা নির্বাচন করার চেষ্টা করবেন না। তবে, আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের দাবি সিলেটে রাজনৈতিক সহাবস্থান রয়েছে।
ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও এখানে শান্তিপূর্ণ পরিবেশেই প্রচার-প্রচারণা চলছে। কামরান বলেন, রাতে আমার পোস্টার টানালেই সকাল হওয়ার আগেই কারা যেনো ছিঁড়ে ফেলে। এ রকম কিছু ছোটখাটো অভিযোগ আছে। তবে তুলনামূলক সিলেটের পরিবেশ অনেক ভালো। নির্বাচনি গণসংযোগের অংশ হিসেবে গতকাল দুপুরে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত সমাবেশে বক্তব্যে কামরান এসব কথা বলেন। এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনো আতঙ্কিত বরিশালের ভোটাররা। খুলনা-গাজীপুরের সিটি নির্বাচনে যা হয়েছে তা নিয়ে বরিশাল সিটির ভোটারদের মাঝে এখনো শঙ্কা কাটেনি। তবে এবার সব প্রার্থীই নতুন ভোটারদের টার্গেট করেছেন। এখন নগরজুড়ে বইছে তারুণ্যের উৎসব। উল্লেখ্য, ২০১৩ সালের নির্বাচনে বরিশাল সিটিতে মোট ভোটার ছিল ২ লাখ ১১ হাজার ২৫৭ জন।
এবার ভোটার হয়েছে ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। ভোটার বেড়েছে ৩০ হাজার ৯০৯ জন। নতুন ভোটাররা সবাই ১৮ বছর উত্তীর্ণ। নতুন ভোটারের মধ্যে ১৩ হাজার ৮১১ জন পুরুষ ও ১৭ হাজার ৯৮ জন নারী। এ নিয়ে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, আমি আশাবাদী বরিশালে স্বাধীনতার স্বপক্ষের শক্তি নৌকা মার্কাকে বিজয়ী করবে। আমি নির্বাচিত হলে তরুণদের নিয়ে তাদের স্বপ্নের বরিশাল গড়ে তুলব। ভোটারদের জন্য ইতোমধ্যে আমি মেসেজ দিয়ে বেশ সাড়া পেয়েছি। তরুণদের কর্মসংস্থান ও মাদক থেকে সরিয়ে আনার জন্য যা কিছু করার প্রয়োজন আমি তা-ই করব। বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার বলেন, সাধারণ নগরবাসীর পাশাপাশি তরুণ প্রজন্মের স্বার্থে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত যুগোপযোগী আধুনিক নগরী গড়ে তোলা হবে। উল্লেখ্য, আগামী ৩০ জুলাই একসঙ্গে অনুষ্ঠিত হবে সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন।
Reporter Name 
























