হাওর বার্তা ডেস্কঃ জেলার সীমান্তঘেঁষা পাটগ্রাম-হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-১ আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো যেমন তাদের প্রার্থী নিয়ে হিসাব-নিকাশ করছেন, তেমনি সাধারণ ভোটাররা হিসাব করছেন আলোচিত এ আসনটি কার দখলে যাবে।
২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট-১ আসন। এ আসনের সম্ভাব্য প্রার্থীরা এলাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নে আলোচনায় পুরানোদের সঙ্গে যুক্ত হয়েছেন নবীনরাও। প্রধান এ দুই দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠ চষে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে তাদের প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিয়ে ভোটারদের দোয়া চাইছেন।
ক্ষমতাসীন দলের প্রার্থীরা তাদের উন্নয়নের ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। থেমে নেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর কৌশলে এগোচ্ছে দলটি। তারা দলীয় প্রধানের কারাবাসকে কাজে লাগিয়ে নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন। আওয়ামী লীগ-বিএনপির একাধিক প্রার্থীকে মাঠে দেখা গেলেও জাতীয় পার্টির রয়েছে একক প্রার্থী।
এ আসন থেকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হলেও বিগত চারটি সংসদ নির্বাচনে তিনবার আওয়ামী লীগ এবং একবার জাতীয় পার্টির দখলে থাকে আসনটি।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে এ আসন থেকে জয়লাভ করেন। তিনি হাতীবান্ধা এলাকার বাসিন্দা।
অপরদিকে একই দলের পাটগ্রাম উপজেলার বাসিন্দা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুলও মনোনয়ন প্রত্যাশী। এলাকায় গণসংযোগ করছেন তিনি।
মোতাহার হোসেন ও রুহুল আমিন বাবুল দুজনই নিজ নিজ উপজেলাবাসীর কাছে জনপ্রিয় বলে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে।
মোতাহার হোসেন এ আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এবং দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নবম সংসদ নির্বাচনে জয়লাভ করে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে দশম সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে একই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন তিনি। তিনি একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় সভা, সেমিনার ও বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরে নৌকা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করছেন ভোটারদের কাছে।
আওয়ামী লীগের অপর মনোনয়ন প্রত্যাশী রুহুল আমিন বাবুলও সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছেন জনগণের কাছে। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি দেখা যাচ্ছে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি পাটগ্রাম উপজেলার বাসিন্দা। আইন পেশায় নিয়োজিত থাকার সুবাদে নির্বাচনি এলাকার নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে কিছুটা সুনাম অর্জন করেছেন তিনি। হাসান রাজিব ঢাকায় অবস্থান করলেও প্রায়ই নির্বাচনি এলাকায় এসে নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কেন্দ্র ঘোষিত অধিকাংশ কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন।
অপরদিকে হাতীবান্ধা উপজেলার বাসিন্দা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আকন্দ মনোনয়ন পেতে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। মানুষের মন জয় করতে গণসংযোগের পাশাপাশি অসহায়দের বিপদে-আপদে আর্থিক সহায়তা দিচ্ছেন। তিনি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় বলে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হলেও নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের মোতাহার হোসেন। নির্বাচনের কিছুদিন পর এরশাদ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ আসনে তার ভোট কম পাওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন।
প্রথমে এ আসন থেকে এরশাদ নিজেই নির্বাচনে অংশ নেবেন বলে খবর শোনা যায়। পরে দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতারকে এ আসনে নিজ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে প্রার্থিতা ঘোষণা করেন এরশাদ। তবে এ আসনে মাঠের রাজনীতিতে জাতীয় পার্টির তৎপরতা তেমন চোখে পড়ছে না। অবশ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর চেষ্টা চালাচ্ছেন খালেদ আখতার।
এদিকে এ আসনটিতে জামায়াতের উল্লেখযোগ্য ভোট থাকলেও নাশকতার মামলায় অনেক নেতাকর্মী হয় জেলে, না হয় মামলার বোঝা কাঁধে নিয়ে গা ঢাকা দিয়েছেন। ফলে এ আসনে জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষিত এ দলটির কোনো তৎপরতা চোখে পড়ছে না।
আগামী নির্বাচনে মূলত এ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মধ্যেই লড়াই হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোতাহার হোসেন বলেন, আমি এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকব। এলাকায় ব্যাপক উন্নয়ন ও দলকে সুসংগঠিত করেছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। তাই মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমি বদ্ধপরিকর। আশা করি, এবারের নির্বাচনেও স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন পাব। ইনশাআল্লাহ, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দেবেন।
পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, আমি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ সংগঠন ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি এবং প্রধানমন্ত্রীর সালাম পৌঁছে দিচ্ছি। ইনশাআল্লাহ, আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে ১৯৭১ সালের ৬ নম্বর সেক্টরের স্মৃতিবিজড়িত এ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেব।
ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে জন্য কাজ করে যাচ্ছি। মনোনয়ন নিয়ে আমি চিন্তিত নই। দলের জন্য কাজ করছি। আমি আমার দলকে নিয়ে ভাবছি। ইনশাআল্লাহ, দল আমাকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন থেকে মনোনয়ন দেবে।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আকন্দ বলেন, ১৮ বছর ধরে ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছি। সুদীর্ঘ ২১ বছর ধরে লালমনিরহাট-১ আসনে বিএনপির কোনো প্রার্থী ছিলেন না। বিভিন্ন সময়ে রাজনৈতিক কৌশলগত কারণে জামায়াত কিংবা অন্যান্য দল অংশ নেয়। আগামী নির্বাচনে দলের হাইকমান্ড আমাকেই মনোনয়ন দেবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) মো. খালেদ আখতার বলেন, জাতীয় পার্টির হারানো আসন পুনরুদ্ধার করে এ অঞ্চলের অবহেলিত মানুষের জন্য কিছু করতে চাই। এ কারণে পার্টি প্রধানের নির্দেশ পেয়েই মাঠে কাজ করে যাচ্ছি।
Reporter Name 
























