হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়ানোর বিষয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানি হবে আজ।
রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান শুনানির জন্য এ দিন ধার্য করেন। সেইসঙ্গে বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে আসামি কাজী সলিমুল হক ও শরফুদ্দিনের করা আবেদনের শুনানিও হবে একইসঙ্গে। এছাড়া বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আবেদনের বিষয়েও একই দিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
আজ মামলাটি কার্যতালিকার এক নম্বর ক্রমিকে রয়েছে। এর আগে সাজা বাড়ানোর বিষয়ে দুদকের আবেদনের শুনানি করে হাইকোর্ট রুল জারি করেছিলেন ২৯ মার্চ। রুলে তাকে নিম্ন আদালতের দেওয়া সাজা কেন বাড়ানো হবে না তা জানতে চাওয়া হয়। তার আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার সাজা বাড়ানোর জন্য ২৫ মার্চ আপিল আবেদন দায়ের করা হয় দুদকের পক্ষ থেকে।
প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
Reporter Name 

























