হাওর বার্তা ডেস্কঃ ‘নিখোঁজ’ বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর বনানীর বাড়ির সামনে অবস্থান নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে বাসার লোকজনের চিৎকারে বাড়ির বাইরে অবস্থান নেয়।
মঙ্গলবার (২২ মে) ভোরে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এ তথ্য নিশ্চিত করেন।
লুনা ইলিয়াস সাংবাদিকদের বলেন, ‘রাত সাড়ে ৩টার একটু আগে ডিবি পুলিশের একটি দল আমাদের বাসার সামনে অবস্থান নেয়। তারা বাড়ির গেট খুলতে বললেও আমরা গেট খুলিনি। তারা জোর করে প্রবেশ করতে চাইলে আমরা চিৎকার করি। এ সময় তারা বাড়ির বাইরে অবস্থান নেয়।’
‘হঠাৎ করে সাদা পোশাকের একদল লোক এসে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেন। তারা বাড়ির দরজা খুলে দিতে বলেন, কিন্তু তাদের পরিচয় নিশ্চিত না হওয়ায় গেট খোলা হয়নি।’
লুনা ইলিয়াস বলেন, ‘এত রাতে কেন পুলিশ আমাদের বাড়িতে প্রবেশের চেষ্টা করছে এ বিষয়ে আমি কিছুই জানি না।’ তিনি আরো বলেন, ‘আমাদের বাড়ির সামনে ডিবি পুলিশের অবস্থানের খবর শুনে গণমাধ্যমকর্মীরা আসেন। গণমাধ্যমকর্মীরা আসার কিছু সময় পর রাত সাড়ে ৪টার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা বাড়ির সামনে থেকে সরে গিয়ে আশপাশে ঘোরাঘুরি করে।
সূত্রঃ নতুনসময়.ডটকম
Reporter Name 
























