হাওর বার্তা ডেস্কঃ শক্তিশালী প্রার্থী না থাকায় বিএনপি কিছুটা নীরব। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জাতীয় সংসদের টিকিট পেতে মরিয়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) নেতারা। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে নির্বাচনী হাওয়া তাই বইছে অন্য এলাকার তুলনায় একটু জোরেশোরে। তবে একেবারে হাল ছেড়ে দেয়নি বিএনপি। আসন পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে তারা। আর শক্তিশালী প্রার্থী নিয়ে জামায়াতে ইসলামী রয়েছে সুযোগের অপেক্ষায়। কে কার সঙ্গে জোট করবে, এ নিয়েও চলছে জল্পনাকল্পনা। সব মিলিয়ে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন দলের অন্তত ১৪ জন হেভিয়েট প্রার্থী নানান কৌশলে এলাকায় শুরু করেছেন নির্বাচনী প্রচার কার্যক্রম। প্রার্থীরএই ছড়াছড়ির মূলে রয়েছে বড় তিন দলেরই ঘরোয়া কোন্দল।
আওয়ামী লীগ, বিএনপি ও জাপার ঘরোয়া দ্বন্দ্বের অবসান না হলে ভোটের মাঠে তার প্রভাব পড়বে বলে মনে করেন সাধারণ নেতাকর্মীরা। আওয়ামী লীগ-জাপা, বিএনপি-জামায়াত জোটেরও একটি বড় প্রভাব রয়েছে এ এলাকায়। ২০০১ সালের নির্বাচনের আগে চারদলীয় জোট গঠনের কারণে বিএনপির আসনটি জামায়াতের দখলে চলে যায়। এমপি হন মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। প্রথম বার জামায়াতের প্রার্থী বিজয়ী হলেও দ্বিতীয় বার বিপুল ভোটে হেরে যান আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদারের কাছে।
দশম সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জাতীয় পার্টি থেকে জকিগঞ্জ উপজেলা পরিষদের তখনকার চেয়ারম্যান শাব্বির আহমদ ও জেলা জাপার সভাপতি সেলিম উদ্দিন। পরে দলীয় সিদ্ধান্তে মাসুক উদ্দিন আহমদ ও শাব্বির আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এমপি হন জাপার সেলিম উদ্দিন। পরে তিনি বিরোধীদলীয় হুইপও হন।এবার আওয়ামী লীগ-বিএনপির টার্গেট আসন উদ্ধার, আর জাপা চায় ধরে রাখতে। আগামী নির্বাচন জোটগতভাবে অনুষ্ঠিত হলে জাপা আওয়ামী লীগকে আর বিএনপি জামায়াতকে ছাড় দিতে নারাজ।
তবে আওয়ামী লীগ ও জাপার মনোনয়নপ্রত্যাশী নেতারা নির্বাচনী মাঠে কাজ চালিয়ে গেলেও বিএনপি-জামায়াতের কোনো নেতাকে এখনো প্রকাশ্যে তৎপরতা চালাতে দেখা যাচ্ছে না।এদিকে জকিগঞ্জ ও কানাইঘাট দুই উপজেলাতেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে চরমে। কয়েক গ্রুপে ভাগ হয়ে পড়েছে নেতাকর্মীরা। দুই উপজেলাতেই নেই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।বিএনপিসহ অঙ্গসংগঠনের অন্তর্দ্বন্দ্বও দিন দিন বাড়ছে। আর কয়েক গ্রুপে বিভক্ত জাপার নেতাকর্মীরাও। রাজপথে নেই তেমন কর্মসূচি।
তবে বর্তমান এমপি সেলিম উদ্দিন এ আসন ধরে রাখতে নেতাকর্মীদের একত্র করার চেষ্টা করছেন। অন্যদিকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুদ্দীন খালেদও গণসংযোগের সঙ্গে দলের কোন্দল নিরসনে কাজ করছেন।সব মিলিয়ে একাদশ সংসদ নির্বাচনে কারা প্রার্থী হতে চান এমন অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ, বিএনপি ও জাপার অন্তত ১৪ জন প্রভাবশালী নেতার নাম। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা জাপার সভাপতি বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, ঢাকা উত্তর সিটির কাউন্সিলর ফয়জুল মুনির চৌধুরী, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোস্তাক আহমদ,
সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি আবদুল মুমিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি আবুল কাহের চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি চাকসু মামুন, কেন্দ্রীয় জাপার সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ, জাপার কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুদ্দীন খালেদ, জাপার কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি জাকির হোসাইন। এ ছাড়াও জামায়াতসহ ইসলামী দলগুলোও সংসদ নির্বাচনে একক প্রার্থী দিতে চাচ্ছে। জামায়াতের ভরসা সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীতেই। অন্য ইসলামী দলগুলো এখনো প্রার্থী চূড়ান্ত করেনি।অন্যদিকে নির্বাচন প্রশ্নে অনেকটা নীরব রয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার। শেষ মুহূর্তে তিনিও ভোটযুদ্ধে নামতে পারেন বলে শোনা যাচ্ছে।
Reporter Name 
























