হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার পর বাকস্বাধীনতা কেড়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, যে দেশের সংবিধানে এক-তৃতীয়াংশ সংশোধনের বাইরে রেখেছেন। তার মানে যে শিশু জন্মগ্রহণ করেন নাই তার ভবিষ্যৎ লিখে দিচ্ছি যে শিশু এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, তাহলে আগামী দিনে সংসদের কাজটা কি? সংসদের কাজ হচ্ছে দেশ জাতি ও জনগণের সুরক্ষা করা।
তিনি বলেন, আপনি যদি ভোটাধিকার কেড়ে নেয়ার পরে মানুষের বাকস্বাধীনতা কেড়ে না নেন তাহলে ক্ষমতায় থাকতে পারবেন না। আর আওয়ামী লীগ সেই কাজটিই করছে।
আজ শুক্রবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের রাজনীতি ও আইনের শাসন শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট নামের একটি সংগঠন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজ দেশে যখন নিরাপত্তাহীনতা বসবাস করছে, গণতন্ত্র যেখানে নাই, গণমাধ্যমের গণতন্ত্র আজ যেখনে প্রশ্নবিদ্ধ, বাকস্বাধীনতা যেখানে নাই, সেখানে সুপ্রিম কোর্টের নির্বাচনের ফলাফল কিন্তু একটি গুরুত্বপূর্ণ মেসেজ। সেটা হল কি? বাংলাদেশের মানুষ যেখানে সুযোগ পেয়েছে সেখানে তাদের মনের কথা প্রকাশ করেছে। মেসেজটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে আইনের শাসন প্রতিফলিত হয়েছে। যে আইনের শাসন না থাকায় বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে।
তিনি বলেন, আইনের শাসনের অভাবেই বিএনপির ১৮ হাজার নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আইনের শাসনের অভাবের কারণে আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ওপর এক ধরনের বিচার আর বিরোধীদলের ও জনগণের ওপর আরেক ধরনের বিচার করা হচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধক্ষ্য সেলিম ভুইয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, উপদেষ্টা পরিষদের সদস্য ফরহাদ হালিম ডোনার, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন, শিক্ষক নেতা আব্দুর রহমান, সেলিম মিয়া, জিয়া নাগরিক ফোরামের (জিনাফ) সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
Reporter Name 
























