হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের নিজেদের মধ্যে দ্বন্দ্বে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও চাঁদপুরে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলে ১৪৪ ধারার মধ্যেই রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদ তুহিন ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
চাঁদপুরে আওয়ামী লীগের জনসভায় যোগদানের পথে কচুয়া উপজেলার আশ্রাফপুর কাঁঠালবাগান, রাজাপুর সকিনার দালান ও রাজাপুর তুলাগাছতলা এলাকায় গাড়ি ভাঙচুর ও মারধরের শিকার হয় চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী গোলাম হোসেনের সমর্থক নেতাকর্মীরা। তাদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরের সমর্থকরা ওই হামলা চালায়। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে। ১০টি গাড়ি ভাঙচুর করা এবং কয়েকটি গাড়ি আটকে রাখা হয়।
আগের দিন শনিবার সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলায় ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার পর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ক্ষমতাসীন দলটির একটি পক্ষ।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—
কিশোরগঞ্জ : সংঘর্ষ থামাতে পুলিশকে টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করতে হয়। দুই পক্ষের দুপুরের কর্মসূচি পণ্ড হলেও বিকেলে আনুমানিক আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী এলাকায় রাষ্ট্রপতিপুত্র তুহিন সমাবেশ করেন। প্রধান অতিথির বক্তৃতায় তুহিন নিজেকে যশোদলের সন্তান দাবি করে বলেন, ‘আমি আওয়ামী লীগের সাফল্যের কথা বলতে এখানে এসেছিলাম; কিন্তু বাধাগ্রস্ত হয়েছি।’ তিনি ভবিষ্যতে এখানে আরো বড় সমাবেশের ঘোষণা দেন। সমাবেশে বক্তাদের কেউ কেউ আগামী নির্বাচনে রাসেল আহমেদ তুহিন নৌকা প্রতীক পেলে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে নির্বাচন করবেন বলেও আশা ব্যক্ত করেন। বর্তমানে এ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসনমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। যশোদল ইউনিয়নের বীর দামপাড়া গ্রামে সৈয়দ আশরাফের বাড়ি। রাষ্ট্রপতির বাড়ি হাওর এলাকার উপজেলা মিঠামইনে।
এলাকাবাসী জানায়, যশোদলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় কর্মিসভার আয়োজন করে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। এর পাল্টা কর্মসূচি হিসেবে সৈয়দ আশরাফের সমর্থকরা ছাত্রলীগের ব্যানারে একই সময়ে প্রায় ৫০ গজ দূরে আরেকটি সমাবেশের ঘোষণা দেয়। অল্প দূরত্বে দুই পক্ষ মঞ্চ তৈরি করে সমাবেশ সফল করতে শনিবার রাত থেকে প্রস্তুতি নিতে থাকে। রাতে দুই পক্ষে বেশ কয়েকবার ধাওয়াধাওয়ি হয়। ভাঙচুর করা হয় দুই পক্ষের মঞ্চ।
গতকাল সকাল ১১টার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে মাঝখানে অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ। মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় সৈয়দ আশরাফের সমর্থকরা। আর উল্টোদিকে অবস্থান নেয় তুহিন সমর্থকরা। চলতে থাকে মিছিল পাল্টা মিছিল। সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুছাইন এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করেও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে দুই পক্ষ ধাওয়াধাওয়ি, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে দুই পক্ষের অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, পুলিশ ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবেলা করছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেছেন, ঘটনাস্থল থেকে আরিফ নামের এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।
চাঁদপুর : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী গোলাম হোসেন সাংবাদিককে বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই আমি এমন হামলার আশঙ্কা করে আসছিলাম। হামলার আশঙ্কার কথা গত দুই সপ্তাহে দুইবার আমি লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছিলাম। কিন্তু শেষ রক্ষা হলো না।’
চাঁদপুর জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা জোবায়ের হোসেন জানান, সমাবেশস্থলে যাওয়ার পথে গোলাম হোসেনের সমর্থকদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকর্মী।
তবে এ বিষয়ে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বক্তব্য জানার জন্য তাঁর মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিয়ে এবং এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এনবিআরের সাবেক চেয়ারম্যানের নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও আটকের বিষয় শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং তাদের পুলিশি পাহারায় কচুয়ার সীমানা পার করে দিয়েছি।’
নেত্রকোনা : পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার শ্যামগঞ্জ বাজারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী তুহিন আহমেদ খানের সমর্থক বৈরাটি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রাজা মিয়া পোস্টার লাগাতে যান। এতে প্রীতম বাধা দেন। প্রীতম স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের সমর্থক। একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। তখন রাজা মিয়া প্রীতমকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে সংসদ সদস্য বেলালের সমর্থকরা রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে রাজা মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁর বাবা আব্দুর রশিদ ও মা জরিনা খাতুন আহত হন। পরে সংসদ সদস্যের সমর্থকরা উপজেলার চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের বাড়িতে হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর করে।
আহত ছাত্রলীগকর্মী প্রীতমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলার বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন।
সূত্রঃ কালের কণ্ঠ
Reporter Name 
























