হাওর বার্তা ডেস্কঃ খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কোনো আন্দোলন বিএনপি তেমন জনসম্পৃক্ত করে তুলতে পারছে না। শহরগুলোর উন্মুক্ত স্থান কিংবা রাস্তায় সমাবেশের অনুমতি পাচ্ছে না তারা। ঢাকায় জনসভা করতে না পেরে বিভাগীয় সদরগুলোতে শো-ডাউন করার কর্মসূচি গ্রহণ করে দলটি। তবে এখনো কোথাও অনুমতি মেলেনি। ১২ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করে সরকারের কাছে লিখিত অনুমতি চায় বিএনপি। তবে সে আবেদনের সাড়া মেলেনি।
বৃহস্পতিবার বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়ার সঙ্গে তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘যত পারেন প্রচারণা চালান। শুধু নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। নেতাদের গ্রেপ্তার করেন, আমাদের শুধু কর্মীরা থাকলেই হবে ইনশাল্লাহ। যদি জনগণ ভোট দিতে পারে ভোটের বাক্সে বিপ্লব হয়ে যাবে। আজ খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে জনসভা করতে চেয়েছিল বিএনপি।
সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বক্তৃতা দেওয়ার কথা। তবে হঠাৎ করে গতকাল হাদিস পার্কসহ পার্শ্ববর্তী এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে গত ৩১ দিন ধরে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে দলের সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম বন্ধ রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতেও ভাটা পড়েছে। তাই বিএনপির ভাবনায় এখন শুধুই দলপ্রধানের মুক্তির আন্দোলন।
Reporter Name 
























