হাওর বার্তা ডেস্কঃ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওই নির্বাচন কোনোভাবেই ভোটারবিহীন ছিল না, যেমন নির্বাচন বিএনপি এবং এরশাদের আমলে এ দেশে হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই একটি কথা আমি জাতিকে বলতে চাই যে, তারা (বিএনপি) যে বলে আওয়ামী লীগ ৫ জানুয়ারি নির্বাচন ভোটারবিহীন করেছে, কিন্তু ৫ জানুয়ারি নির্বাচন ভোটারবিহীন নির্বাচন ছিল না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ৪০ শতাংশের ওপর ভোট পড়েছিল।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় প্রারম্ভিক বক্তৃতা করেন।
শেখ হাসিনা বলেন, ভোট ঠেকানোর জন্য খালেদা জিয়া আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে। ৫৮২টি স্কুল পুড়িয়েছে, ভোটকেন্দ্র পুড়িয়েছে, প্রিসাইডিং এবং সহ-প্রিসাইডিং অফিসারকে হত্যা করেছে। তারপর এ দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে এবং ভোট দিয়েছে।
তিনি বলেন, আর দেশের জনগণ ভোট দিয়েছে বলেই কিন্তু আজ আমরা টানা সরকারের দ্বিতীয় মেয়াদেরও ৪ বছর পূর্ণ করতে পারলাম। এরশাদ কিন্তু পারে নাই। এরশাদ ’৮৮ সালে নির্বাচন করেছে এবং ’৯০ এ তার পতন ঘটেছে। খালেদা জিয়াও ক্ষমতায় টিকতে পারে নাই।
প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে জনগণের চাপে ৩০ মার্চ পদত্যাগে বাধ্য হয়েছিল। মাত্র দেড় মাস তারা ক্ষমতায় থাকতে পেরেছিল। কারণ, তারা জনগণের ভোট চুরি করেছিল।’
শেখ হাসিনা বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়। কাজেই গণতন্ত্রকে সুরক্ষা করাই আমাদের লক্ষ্য ছিল। খালেদা জিয়া চেয়েছিল এ দেশে যেন কোন গণতান্ত্রিক প্রক্রিয়া না চলে।
Reporter Name 























