হাওর বার্তা ডেস্কঃ কোনো ভাবেই সরব হতে পারছে না ঢাকা মহানগর বিএনপি। ৮ মাসেও পূর্ণাঙ্গ কমিটি করতে না পারা আংশিক কমিটি ও নেতৃত্ব প্রত্যাশীদের মাঝে নেতৃত্বের প্রতিযোগিতায় চরম বিরোধসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত বিএনপি এখন ক্লান্ত হয়ে পড়েছে।
দলের মহানগর নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ এখন চরমে। তাদের প্রশ্ন, এবারও কি ব্যর্থ হবে মহানগর বিএনপি? বর্তমান নেতৃত্বও কি আব্বাস-খোকার পথ অনুসরণ করবেন?
নেতা-কর্মীরা আশঙ্কা প্রকাশ করছে, অবিলম্বে ঢাকা মহানগরীর ইউনিটগুলোর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা না গেলে সরকারবিরোধী আন্দোলন, সাংগঠনিক কার্যক্রম ও পরবর্তী সকল নির্বাচনের ক্ষেত্রে পদক্ষেপ নিতে দল ব্যর্থ হবে, যা দলের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে।
উত্তর-দক্ষিণের নেতাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে নেতৃত্বে ভাঙন সৃষ্টির ভয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারছেন না বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশেষ গত ১৮ নভেম্বর রাতেও দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে নেতাদেরকে দ্রুত অভ্যন্তরীণ সংঘাত মিটিয়ে পরবর্তী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
ইতোপূর্বে বিএনপির কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করে। সে সময়ে বলা হয়, একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু ৮ মাস পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটির মুখ দেখেননি নেতাকর্মীরা।
তখন এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আংশিক কমিটি অনুমোদন করা হলো। শর্ত থাকে যে, আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন নিতে হবে’।
ওইদিন এম আবদুল কাইয়ুম ও আহসান উল্লাহ হাসানকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হাবিব-উন-নবী খান সোহেল ও কাজী আবুল বাশারকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
Reporter Name 























