হাওর বার্তা ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখন বাংলাদেশে মানুষের বাকস্বাধীনতা, লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা, ভোটাধিকার নাই।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
দুদু বলেন, মানুষের বাকস্বাধীনতা, লেখার স্বাধীনতা বলার স্বাধীনতা, ভোটাধিকার নেই। এমনকি সংগঠন করারও স্বাধীনতা নেই। দেশে এখন পুলিশ এবং বর্তমান অবৈধ সরকার ছাড়া আর কিছু নেই।
শামসুজ্জামান দুদু আরো বলেন, ‘খালেদা জিয়া ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। আগামী দিনে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে তিনি খালেদা জিয়া। সেই খালেদা জিয়াকে অপমান করার জন্য, নাজেহাল করার জন্য, নির্যাতন করার জন্য তাঁকে বারবার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। গণতান্ত্রিক শক্তিকে ভীতি সৃষ্টি করার জন্য এটি করা হয়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা, জিনাফের সভাপতি মিয়া মুহাম্মাদ আনোয়ার, শিক্ষক নেতা সেলিম মিয়া প্রমুখ
Reporter Name 























