হাওর বার্তা ডেস্কঃ বিএনপির এমন কোনো কাজের নিদর্শন নেই যে সেই কাজের জন্য জনগণ তাদের বিপুল সংখ্যায় ভোট দেবে। এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে বিজয়ী হওয়ার কথাও সেতুমন্ত্রী বলেছেন।
আজ (২৪ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়ক প্রশস্তকরণের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে গেলে আসন পাবে। কিন্তু কত আসন পাবে, সেটা জনগণ জানেন।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমি আস্থাশীল, দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। রাজনীতিতে সততা, দক্ষতার কোনো বিকল্প নেই। আজকে বিশ্বস্বীকৃত সৎ রাজনীতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭৩টি দেশের সৎ রাজনীতিবিদ হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান তৃতীয় নম্বরে। কাজেই সততা-দক্ষতায় আজ যিনি বিশ্ব স্বীকৃত, তাঁর নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে বিজয়ী হব।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি কে এন নাহিন রেজা, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Reporter Name 

























