হাওর বার্তা ডেস্কঃ প্রতিনিয়ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করা হচ্ছে’ অভিযোগ করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তার (তারেক রহমান) বিরুদ্ধে চলমান অপপ্রচার কেউ প্রমাণ করতে পারেনি।
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম যৌথভাবে এ সভার আয়োজন করে।
তিনি বলেন, তারেক রহমান চ্যালেঞ্জ দিয়েছিলেন তার বিরুদ্ধে যত অপপ্রচার চলছে তা প্রমাণ করতে পারলে তিনি আর রাজনীতি করবে না। কিন্তু সেই চ্যালেঞ্জ কেউ নেয়নি।
নজরুল ইসলাম বলেন, দূরে বসেও তারেক রহমান তার রাজনৈতিক দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, শেখ হাসিনা অনেক আগে থেকেই তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা করছেন। বিএনপির এতো নেতা থাকতে কেন তার বিরুদ্ধে এ সমালোচনা- তা এখন বুঝতে পারছি।
সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ সাজানো হয়েছে, তা কেউ প্রমাণ করতে পারে নাই।
তারেক রহমানকে কারাগারে রেখে মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হয়েছে। এরপরও কেন তার বিরুদ্ধে আওয়ামী লীগের এতো ক্ষোভ- এমন কথা জানতে চেয়ে বিএনপির এ মুখপাত্র বলেন, প্রতিহিংসার কারণে তার (তারেক) বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ব্যক্তিগত আক্রমণের শিকার তারেক রহমান।
তিনি বলেন, আইনের পথে হেঁটে এক বিচারক তারেক রহমানের পক্ষে রায় দিয়েছিলেন। এ কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে।
দেশে কোনো বিচারক সত্য কথা বললে তাকে এস কে সিনহার মতো দেশ ত্যাগে বাধ্য করা হয় উল্লেখ করে রিজভী বলেন, বিচার বিভাগ, প্রশাসন, পার্লামেন্ট শেখ হাসিনার দখলে। কেউ শেখ হাসিনার কথার বিপরীতে গেলে তিনি আর স্ব-স্থানে টিকতে পারবেন না।
সভাপতির বক্তব্যে বিজেপির চেয়ারম্যান ও ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি অত্যাচার বন্ধ করে পেঁয়াজের দামে নজর দেন।
তিনি বলেন, পদ্মা সেতুর অর্থ নিয়ে যা শুরু করেছিলেন, পেঁয়াজ নিয়েও একই রকম হচ্ছে। এখন সবাই পেঁয়াজকে পদ্মা ফল বলা শুরু করেছে।
সরকারের সমালোচনা করে পার্থ বলেন, আওয়ামী লীগের পতন দেশের মানুষ স্মরণ রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক কামরুজ্জামান বাবু প্রমুখ।
Reporter Name 

























