হাওর বার্তা ডেস্কঃ বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে রংপুর-২ আসনে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-ফেস্টুন। চায়ের আড্ডায়ও প্রার্থীদের নিয়ে কমবেশি চলছে বিশ্লেষণ। ফেসবুকেও প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ করা যায়। প্রার্থীদের নামে ফেসবুক আইডি খুলে চালানো হচ্ছে প্রচার। নব্বই-পরবর্তী এ আসনে বেশির ভাগ সময় জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আগামী নির্বাচনেও মূল লড়াইটা হবে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের। তবে প্রার্থী নির্বাচন সঠিক হলে জাতীয় পার্টির প্রার্থীর জয়ের সম্ভাবনাই বেশি।
অন্য দলগুলোর ভূমিকা নীরব থাকলেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এই দুই দলের প্রার্থীরা। বিএনপির অবস্থান তেমন শক্তিশালী নয়। তবুও বিএনপির একাধিক নতুন নেতা নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন। স্বাধীনতার পরপরই রংপুর-২ আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। আওয়ামী লীগের । প্রয়াত বর্ষীয়ান নেতা আনিছুল হক চৌধুরী পাঁচবার এমপি হন। ধীরে ধীরে আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হতে থাকে। ’৯১ সালের নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদ জেলে থেকেই বিপুল ভোটে জয়লাভ করেন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে জাতীয় পার্টি থেকে উপ-নির্বাচনে এমপি হন অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। ’৯৬ সালে আসনটি ফের আওয়ামী লীগের দখলে যায়। তখন এ আসন থেকে নির্বাচিত হন আনিছুল হক চৌধুরী। ২০০১ সালে এমপি হন জাতীয় পার্টির মোহাম্মদ আলী সরকার এবং ২০০৮ সালে এমপি হন জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল। তবে ২০১৪ সালে এইচএম এরশাদের ডাকে সাড়া দিয়ে আসাদুজ্জামান চৌধুরী সাবলু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে ফাঁকা মাঠে গোল দেন এবং এমপি হন আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরী ডিউক।
এ আসনে জাতীয় পার্টিরও একাধিক প্রার্থী রয়েছেন। এদের একজন বিষ্ণুপুর ইউনিয়নের বকশীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বদরগঞ্জ উপজেলা জাপার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী সাবলু। তিনি আওয়ামী লীগের দুই প্রার্থী টুটুল ও ডিউক চৌধুরীর চাচা। জাপা থেকে মনোনয়ন প্রত্যাশী আরেকজন শক্তিশালী প্রার্থী মাঠে রয়েছেন। তিনি হচ্ছেন জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মণ্ডল।
এদিকে গত ২১ ফেব্রুয়ারি দলের প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ বদরগঞ্জ সফরকালে সাবলু চৌধুরীর বাসভবনে যান। সেখানে তিনি দলের নেতাকর্মীদের উপস্থিতিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার প্রার্থী হিসেবে সাবলু চৌধুরীর নাম আগাম ঘোষণা দেন। এর পর থেকে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। মাঠ গুছিয়ে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে গ্রামগঞ্জে ছুটছেন তিনি। দিয়েছেন বন্যাদুর্গত মানুষকে ত্রাণসামগ্রী।
জানতে চাইলে আনিছুল ইসলাম মণ্ডল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন করব এটা নিশ্চিত, ইনশাআল্লাহ। তবে জনপ্রিয়তা বিচার করে দল থেকে আমাকেই মনোনয়ন দেয়া হবে বলে প্রত্যাশা। আমাকে দেয়া হলে আসনটি জাতীয় পার্টিকে উপহার দেব, এটা নিশ্চিত।
জাসদ (রব) নেতা অ্যাডভোকেট মোকাম্মেল চৌধুরী জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, যোগ্যতার বলেই আমি মনোনয়ন চাইব। পল্লীবন্ধু এরশাদ যদি মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেন বিপুল ভোটে এমপি হব। তবে তিনি বিগত ২০১০ সালের পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হচ্ছেন বর্তমান এমপি ও বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, তার চাচাতো ভাই সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরীর ছেলে বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল। বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম সাহা, বদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ নেতা বিশ্বনাথ সরকার বিটু, কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সাবেক ডিন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী।
নির্বাচনী ভাবনা নিয়ে কথা হয় বর্তমান এমপি ডিউক চৌধুরীর সঙ্গে। তিনি হাওর বার্তাকে বলেন, ‘বঙ্গবন্ধুর মানসকন্যা শেখ হাসিনার আশীর্বাদে মনোনয়ন পেলে দুই উপজেলার আমূল পরিবর্তন আসবে। সবাইকে সুসংগঠিত করে এগিয়ে যাচ্ছি। দলে কোনো বিভেদ-কোন্দল নেই। তবে পারিবারিক কারণে ছোট ভাই টুটুলের সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু তা দলের ওপর প্রভাব পড়বে না। আগামীতে দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে মাদক সন্ত্রাস ও জামায়াতমুক্ত বদরগঞ্জ-তারাগঞ্জ গড়ে তুলব বলে জানান তিনি।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী টুটুল চৌধুরী বলেন, বর্তমান এমপির বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমে আছে। তিনি দল গোছাতে পুরোপুরি ব্যর্থ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যসহ বিএনপি-জামায়াতের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। তার জন্য দলের অবস্থা নাজুক। তিনি জানান, মনোনয়ন পেলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আদর্শ লালন করে তিনি তার বাবা আনিছুল হক চৌধুরীর অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন।
কথা হয় ড. শাহ্ নওয়াজ আলীর সঙ্গে। তিনি হাওর বার্তাকে বলেন, পেশাগত কারণে জীবনের বেশির ভাগ সময় কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বদরগঞ্জ-তারাগঞ্জের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় জীবনে অনেক মূল্যায়ন পেয়েছি। আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে রংপুর-২ আসনে অবশ্যই মনোনয়নপত্র জমা দেব। আশা করছি আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে এলাকার মানুষের ভাগ্য বদলে দিতে অগ্রণী ভূমিকা থাকবে আমার।
তার পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও মাঠে কাজ করছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশ্বনাথ সরকার বিটু বলেন, ‘সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বুঝেছি তারা আমাকে কী পরিমাণ ভালোবাসে। তাদের অকুণ্ঠ ভালোবাসায় আমি রাজনীতিতে এতদূর আসতে পেরেছি। কে মনোনয়ন পাবেন তা কেবল প্রধানমন্ত্রী বলতে পারবেন। তবে সাংগঠনিক সিদ্ধান্তে আমাকে মনোনয়ন দেয়া হলে বিরোধ মিটিয়ে দলকে চাঙ্গা করে তুলব।
বিএনপি-জামায়াত জোটগত নির্বাচন হলে এ আসনের মনোনয়ন প্রত্যাশা করছেন জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেয়া সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী এবং আরেক জাপা ত্যাগী সাবেক এমপি মোহাম্মদ আলী সরকারও। তবে হাইকোর্টের তরুণ আইনজীবী গোলাম রসুল বকুলের প্রার্থী হওয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলছে গুঞ্জন। সম্প্রতি বকুল রঙিন পোস্টার ছাপিয়ে বিলি করেছেন বদরগঞ্জ-তারাগঞ্জে । এর আগে এ আসনে জামায়াত-বিএনপির প্রার্থী ছিলেন বর্তমানে বন্দি মানবতাবিরোধী অপরাধের ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। কথা হয় বিএনপির বদলগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর সঙ্গে।
তিনি হাওর বার্তাকে বলেন, আমি মনে করি আওয়ামী লীগের নানা দুর্নাম ও স্থানীয় নেতাদের পারিবারিক বিরোধের কারণে বিএনপিকেই ভোট দেবে মানুষ। এখন শুধু অপেক্ষার পালা। তিনি বলেন, এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আমার সঙ্গে রয়েছেন। ১৯৯১ সালে এইচএম এরশাদের ছেড়ে দেয়া আসনে তিনি এমপি হন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। ২০১৫ সালে বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করে হেরে যান।
Reporter Name 

























