হাওর বার্তা ডেস্কঃ সারা দেশে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াত-শিবির আবারও অশুভ ঘটনার পাঁয়তারা শুরু করেছে। সামনে জাতীয় নির্বাচন থেকে শুরু করে সিটি করপোরেশন ও অন্যান্য নির্বাচনকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নানাভাবে ঘায়েল করে সরকারের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানোর চেষ্টায় লিপ্ত। মূলত এর নীল নকশা হিসেবেই রংপুরের হিন্দু পল্লিতে হামলার ঘটনা বলে অনেকেই মনে করছেন।
সূত্রমতে, স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াত-শিবির আওয়ামী লীগের ভোটব্যাংক নষ্ট করার চক্রান্ত চালাচ্ছে। সংখ্যালঘুরা যেন আওয়ামী লীগের ওপর আস্থা না রাখতে পারে সেজন্য পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। আর এসব ঘটনায় দেশে-বিদেশে সমালোচনা হচ্ছে।
দুটি লক্ষ্য থেকে এটা করা হচ্ছে, এক. সংখ্যালঘুদের আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেয়া। দুই. পাশের দেশকে এই বার্তা দেয়া যে, আওয়ামী লীগের হাতে দেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়। সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনায় আওয়ামী লীগ তাই উদ্বিগ্ন।
রংপুরের হিন্দুপল্লীতে হামলার ঘটনায় আওয়ামী লীগ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে। এর আগে ব্রাহ্মণবাড়িয়া এবং রামুতে একই ধরনের ঘটনা ঘটেছিল। তিনটি ঘটনার মধ্যেও অদ্ভুত মিল পাওয়া যায়। তিনটি ঘটনাতেই ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অপপ্রচার চালিয়ে হামলার ঘটনা ঘটানো হয়েছে।
রামুর ঘটনা পাঁচ বছর আগে হলেও এখন পর্যন্ত তার বিচার সম্পন্ন হয়নি। ব্রাহ্মণবাড়িয়ারতেও অপরাধীরা সাজা পায়নি। দেশের সংখ্যালঘুদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। আওয়ামী লীগের একটা বড় ইতিবাচক দিক ছিল সংখ্যালঘুদের আস্থা। দেশের সংখ্যালঘু মানুষ মনে করতো, আওয়ামী লীগ তাদের ভরসাস্থল। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী এই বিশ্বাসে চিড় ধরিয়েছে।
আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘এটা জামায়াত-শিবিরের চক্রান্ত। পরিকল্পিতভাবে দেশে একটি পরিস্থিতি সৃষ্টির জন্য এটা করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং অপরাধীকেও শনাক্ত করা হয়েছে।’
কিন্তু আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একমত নন, লেখক, সাংবাদিক এবং ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘আমরা বার বার বলছি সাক্ষী সুরক্ষা আইন করতে। নিরাপত্তার অভাবে, ভয়ে সাক্ষীরা সাক্ষ্য দিতে যাচ্ছে না। ফলে মামলাগুলো শুধু পেছাচ্ছে।’
শুধু রামু, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর নয়- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশ গুপ্ত। তিনি বলেছেন, ‘সরকার যদি এসব ঘটনার সুষ্ঠু বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতো তাহলে পরিস্থিতি এমন ঘটতো না।’

একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, তাদের কাছে সুর্নিদিষ্ট প্রমাণ আছে সংখ্যালঘুদের ওপরে আক্রমণের ঘটনাগুলো জামায়াত-শিবিরের পরিকল্পিত ষড়যন্ত্র। ফলে তারা একাধিক, যেমন-আওয়ামী লীগের দীর্ঘদিনের ভোটব্যাংক নষ্ট করার চেষ্টা করছে অন্যদিকে পাশের দেশকে এই বার্তা দেয়া হচ্ছে যে, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, নির্বাচনের আগ মুহূর্তে চক্রটি সারা দেশে অশুভ পাঁয়তারা চালানোর চক্রান্ত করছে। হটাৎই এলাকাভেদে নানা ইস্যু তৈরি করে এ ধরনের হামলা করার পরিকল্পনায় লিপ্ত। যাতে সংখ্যালঘু সম্প্রদায় সরকারের ওপর ক্ষিপ্ত হয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট না দেয় সে ব্যাপারে তৎপরতা চালাচ্ছে। দ্রুত এ চক্রের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থেকে পরিস্থিতি মোকাবিলার সুপারিশ করা হয়েছে।
তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এসব ষড়যন্ত্র অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আওয়ামী লীগ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধের চেতনায় সব ধর্মের মানুষের সমানাধিকারে বিশ্বাস করে। এটা নতুন করে প্রমাণের কিছু নেই। যারা এসব করছে খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রংপুরে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ব্যবস্থা নেয়া হবে। কারা কীভাবে এবং কার উস্কানিতে এ ঘটনা ঘটলো তা উদঘাটন করে আইনের আওতায় আনা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুজব ছড়িয়ে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
Reporter Name 

























