হাওর বার্তা ডেস্কঃ সুন্দরবন সংলগ্ন দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্রবন্দর মোংলা ও চিংড়ি উৎপাদনের বৃহৎ এলাকা রামপাল উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন গঠিত। ভৌগোলিক কারণে দেশের অর্থনীতিতে রয়েছে এ অঞ্চলের বিশেষ ভূমিকা। মোংলা ও রামপালকে ঘিরে অর্থনৈতিক জোন তৈরির কাজ চলমান। তাই এ আসন ঘিরে আগ্রহ সব দলের প্রার্থীদেরই রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে জয়ী হতে বিএনপি-জামায়াত তাই একাট্টা হয়ে কাজ করছে। তবে বর্তমান এমপি তালুকদার আবদুল খালেকের বিপক্ষে ভোটযুদ্ধে অংশ নিয়ে বিএনপির প্রার্থী কতখানি সফল হন সেটি দেখার বিষয়।
পরিসংখ্যানে দেখা যায়, ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কুবের চন্দ্র বিশ্বাস নির্বাচিত হন। ১৯৭৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের লতিফুর রহমান হাওলাদার বিএনপি প্রার্থী আফতাব উদ্দিন হাওলাদারের কাছে পরাজিত হন। এরপর ১৯৮৬ সালে বিএনপির আফতাব উদ্দিন হাওলাদার জাতীয় পার্টিতে যোগ দিয়ে আওয়ামী লীগের মনোজিৎ মণ্ডলকে পরাজিত করে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালের ২৭ ফেরুয়ারির নির্বাচনে জামায়াত প্রার্থী গাজী আবু বক্কর সিদ্দিককে পরাজিত করে আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এমপি নির্বাচিত হন।
১৯৯৬ সালের ১৫ ফেরুয়ারির বিতর্কিত নির্বাচনে বিনা ভোটে বিএনপির প্রার্থী এ ই ইউ আহমেদ কয়েক মাসের জন্য এমপি নির্বাচিত হন। পরবর্তীকালে একই বছরের ১২ জুন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তালুকদার আবদুল খালেক জামায়াত নেতা গাজী আবু বক্কর সিদ্দিককে পরাজিত করে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তালুকদার আবদুল খালেক জয়ের ধারা অব্যাহত রাখেন। সেবারও তিনি জামায়াত নেতা গাজী আবু বক্কর সিদ্দিককে পরাজিত করেন। ২০০৮ সালে তালুকদার আবদুল খালেক খুলনা সিটি কর্পোরেশনের মেয়র থাকায় তার স্ত্রী হাবিবুন্নাহার তালুকদার প্রার্থী হয়েও জামায়াত নেতা আবদুল ওয়াদুদকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। সর্বশেষ ২০১৪ সালের আলোচিত সংসদ নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তালুকদার আবদুল খালেক বাগেরহাট-৩ আসনের এমপি নির্বাচিত হন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেকের রয়েছে শক্ত অবস্থান। এর বাইরে এ আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাব-কমিটির সাবেক সহ-সম্পাদক শেখ মো. আবু হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাব-কমিটির সাবেক সহ-সম্পাদক ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান ওবায়েদ। তিনি রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আবদুল ওহাবের ছেলে।
অপরদিকে বাগেরহাট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম। ইতিমধ্যে তিনি জনকল্যাণমূলক কাজ করে নিজ এলাকায় অবস্থান তৈরি করেছেন। এ আসনের অন্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির অপর সহ-সভাপতি সরদার মো. অজিয়ার রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু ছাড়াও জামায়াত নেতা শেখ আবদুল ওয়াদুদ।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি রামপাল-মোংলা এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এলাকার বেকারত্ব নিরসন, মোংলা ইপিজেডের উন্নয়নসহ সুখে দুঃখে এলাকার সাধারণ মানুষের পশে থাকতে চাই। সে ক্ষেত্রে আমার দল ও আমার নেত্রী যদি আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়র দেন তাহলেই রামপাল-মোংলা এলাকার উন্নয়নে দেখা আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।
রামপাল-মোংলার উন্নয়নের রূপকার দাবিদার তালুকদার আব্দুল খালেক বলেন, ‘দক্ষিণাঞ্চলের যা উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের মৃত মোংলা বন্দর এখন কর্মচঞ্চল। মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌচ্যানেল খনন, মোংলা বন্দরের আধুনিকায়ন, খুলনা-মোংলা রেললাইন, খানজাহান বিমানবন্দর নির্মাণ, রামপালে কয়লাভিত্তিক আধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড চলছে। আওয়ামী লীগের দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগের পর আজ সারা দেশের মতো রামপাল-মোংলাকে বর্তমান সরকার যেভাবে সাজাতে শুরু করেছে তাতে বিএনপি-জামায়াতের ঈর্ষান্বিত হওয়ার কথা। কারণ ওনারা দক্ষিণাঞ্চলের উন্নয়ন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
মানবকণ্ঠ
Reporter Name 

























