হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে সম্ভাব্য প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। এরই মধ্যে মাঠপর্যায়ে তাঁদের গণসংযোগ শুরু হয়েছে।
বিভিন্ন স্থানে পোস্টার ও বিলবোর্ড টানানো হয়েছে তাঁদের। সামাজিক ও ধর্মীয় নানা অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা নিজেদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়টি জানাচ্ছেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নের জন্য নানা কর্মকাণ্ডের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ে চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন। একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত শাহজাদপুরে হ্যাটট্রিক বিজয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। অন্যদিকে বিগত দিনের ভুল শুধরে এবার যোগ্য প্রার্থীকে মনোনয়নের মাধ্যমে নিজেদের হারানো দুর্গ উদ্ধার করতে মরিয়া বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
২০০১ সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে এ আসনে। ২০০৮ সালের নির্বাচনে আসনটি আওয়ামী লীগের হাতে আসে।
সিরাজগঞ্জ জেলার দক্ষিণ সীমান্তের এ আসনটি ১৩ ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে আওয়ামী লীগ ও বিএনপিতে অন্তর্দ্বন্দ্ব থাকলেও তা প্রকাশ্য রূপ পায়নি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দাবি করে জানায়, বর্তমান সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে চাপা কোন্দল রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে দলের একটি অংশ তত্পর। বর্তমানে হালিমুল হক মীরু একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। প্রচার রয়েছে, তিনি জামিনে মুক্ত হলে স্থানীয় ভোটের রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলবেন—এমন আশঙ্কায় দলের নেতৃত্বের একটি অংশ নানাভাবে চেষ্টা চালাচ্ছে যেন তিনি জামিন না পান। বিষয়টি এলাকায় নানাভাবে আলোচিত হলেও প্রকাশ্যে কেউ মন্তব্য করতে চায়নি।
অন্যদিকে সাবেক ও বর্তমান দুই সংসদ সদস্য যথাক্রমে চয়ন ইসলাম ও মো. হাসিবুর রহমান স্বপন দুজনই পৃথকভাবে সভা-সমাবেশ করছেন।
এ এলাকায় বিএনপির রাজনীতিতে কোন্দল না থাকলেও মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। আগামী নির্বাচনের মনোনয়ন দৌড়ে প্রবীণদের সঙ্গে নবীনরাও রয়েছেন মাঠে। তবে শাহজাদপুর বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, বর্তমান মনোনয়নপ্রত্যাশীদের বাইরেও আগামীতে মনোনয়নের ক্ষেত্রে নতুন মুখের দেখা মিলতে পারে। তবে প্রার্থী যেই হোক মূল লড়াইটা হবে ধানের শীষ ও নৌকার মধ্যে।
আওয়ামী লীগ : আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলটির মনোনয়ন পাওয়ার লক্ষ্যে অন্তত চারজন মাঠে কাজ করছেন। তাঁদের মধ্যে বর্তমান সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসিবুর রহমান স্বপন এগিয়ে আছেন বলে দলের অনেকে মনে করে।
নেতাকর্মীদের মধ্যে অনেকেই মনে করছে, বিগত দিনে সরকারবিরোধী আন্দোলনের সময় সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপনের শক্ত নেতৃত্বের কারণে শাহজাদপুরে বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট তেমন কিছুই করতে পারেনি। তা ছাড়া হাসিবুর রহমান স্বপনের একচ্ছত্র নেতৃত্ব থাকার কারণে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের ক্ষেত্রেও তাঁর মতামত গুরুত্ব পেয়েছে। তাঁর ব্যক্তিগত ভোট ব্যাংক থাকার পাশাপাশি অনুগত বেশ কিছু নেতাকর্মীও রয়েছে। এ কারণে কেন্দ্রেও স্বপনের একটা অবস্থান গড়ে উঠেছে। যদিও নির্বাচন ঘনিয়ে এলে তাঁর এ অবস্থান কতটুকু থাকবে সেটা নিয়ে আলোচনা রয়েছে। উপজেলা কমিটির সদস্যরা পক্ষে থাকায় দলীয় সমর্থন স্বপনের পক্ষে আসার সম্ভাবনা বেশি বলে নেতাকর্মীরা মনে করছে।
সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন বলেন, ‘বিভিন্ন কমিটি গঠনের মধ্য দিয়ে দলে নেতৃত্ব জোরদার করার পাশাপাশি সাংগঠনিক অবস্থারও পরিবর্তন ঘটিয়েছি। এলাকার উন্নয়নে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছি। নদীভাঙনকবলিত মানুষের পাশে আছি। ’ তিনি আরো বলেন, দলের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভালোবাসায় দল থেকে মনোনীত হলে আবারও নৌকার জয় হবে।
অন্যদিকে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামও মনোনয়ন পাওয়ার জন্য কাজ করছেন। আগামী নির্বাচনে এ আসনে তিনিই দলীয় মনোনয়ন পাবেন—এমন আশাবাদ চয়ন ইসলাম সমর্থকদের। তাদের দাবি, শাহজাদপুরের উন্নয়নে অতীতে চয়ন ইসলামের ভূমিকা পরীক্ষিত, শাহজাদপুরের উন্নয়নের ক্ষেত্রে তাঁর বিকল্প নেই। মনোনয়নের লড়াইয়ে সমান তালে এগিয়ে যাচ্ছেন তিনি।
এরই মধ্যে চয়ন ইসলাম তাঁর সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে গণসংযোগ ও প্রচার শুরু করেছেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ নানা কার্যক্রম চালাচ্ছেন। বিগত সময়ে নদীভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে ভোটারদের মধ্যে চয়ন ইসলামের বড় প্রভাব রয়েছে বলে মনে করছে অনেকেই।
চয়ন ইসলাম বলেন, ‘দলে নিজেদের মধ্যে যেন কোন্দল সৃষ্টি না হয় সে কারণেই উপজেলা আওয়ামী লীগের রাজনীতি থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছিলাম। তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে এসেছি। আগামী দিনেও করব। তৃণমূলের কর্মীদের মূল্যায়ন করে দলকে শক্তিশালী করে চলছি। ’
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম আরো বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের অনেক নেতা আমার পৃথক কর্মকাণ্ড অপছন্দ করেন। দলের ভাবমূর্তি বৃদ্ধি এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমি তাঁদেরও আহ্বান জানিয়েছি একযোগে কাজ করতে, যাতে নৌকার ভোট বাড়ে। ’ আগামী নির্বাচনে মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন চয়ন ইসলাম।
এ দুজন ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন চাইতে পারেন বর্তমান আইনসচিবের ছোট ভাই সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুল হামিদ লাভলু। এলাকায় তাঁর প্রভাব রয়েছে। দলে গুঞ্জন রয়েছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে নিজের ও পারিবারিক শক্ত লবিং আছে আইন পেশায় নিযুক্ত লাভলুর।
লাভলু বলেন, শাহজাদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষা নগর হিসেবে গড়ে তোলার স্বপ্ন আছে তাঁর। তিনি মনোনয়ন পেলে আগামী দিনে নতুন নেতৃত্বের মাধ্যমে শাহজাদপুরবাসীর পাশে থেকে কাজ করবেন বলে জানান তিনি।
এ ছাড়া কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন মনোনয়ন চাইতে পারেন বলে জানা গেছে।
বিএনপি : সংসদের বাইরে থাকা বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকা দীর্ঘ। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কামরুদ্দিন এহিয়া খাঁন মজলিস প্রচারে এগিয়ে রয়েছেন। তৃণমূল বিএনপিতে রয়েছে তাঁর জনপ্রিয়তা। এরই মধ্যে তিনি কিছু নেতাকর্মী ও তাঁর সমর্থকদের নিয়ে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তবে এর আগের একটি নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তিনি দলের মধ্যে কিছুটা সমালোচিত হন। যদিও পরবর্তী সময়ে অল্প সময়ের মধ্যেই ব্যক্তি ইমেজ ও জনপ্রিয়তা দিয়ে আবার নেতাকর্মীদের আস্থা অর্জন করে নেন তিনি।
সাবেক সংসদ কামরুদ্দিন এহিয়া খাঁন মজলিস বলেন, ‘দলের তৃণমূল কর্মী ও নেতাদের নিয়ে এ অঞ্চলের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছি। ’ রাজনৈতিক কর্মকাণ্ডে ক্ষমতাসীনদের বাধা ও হামলা-মামলার অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষের জয় শতভাগ। এরই মধ্যে তিনি দলকে গতিশীল করতে নেতাকর্মীদের নিয়ে সামাজিক ও সাংগঠনিক কাজ করে যাচ্ছেন বলেও জানান।
সাবেক উপপ্রধানমন্ত্রী ও চারদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা প্রয়াত ডা. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় শক্ত অবস্থানে রয়েছেন বলে ধারণা করছে অনেকে। শাহজাদপুর উপজেলা বিএনপি নেতৃত্বের একটি শক্তিশালী অংশ তাঁকে সমর্থন করছে বলে দলে প্রচার রয়েছে। এরই মধ্যে তিনি গণসংযোগ, ত্রাণ বিতরণ, পোস্টার, লিফলেট লাগিয়ে শক্তিশালী প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছেন।
ডা. এম এ মুহিত বলেন, ‘প্রায় ১০ বছর ধরে কাজ করে আসছি। দলের নানা প্রতিকূলতায় নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করে আসছি। ’ তিনি জানান, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দল তাঁকেই মনোনয়ন দেবে। নেতাকর্মীদের আস্থা-বিশ্বাস ও সাধারণ মানুষের ভালোবাসা-সমর্থনে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এ আসনে বিজয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন সহিদ মাহমুদ গ্যাদনও দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। ১৮ বছরে টানা তিনবার উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসা এ নেতা জেলা বিএনপিতেও সক্রিয়।
হোসাইন সহিদ মাহমুদ গ্যাদন বলেন, আগের নির্বাচনের ফলাফল ও জনপ্রিয়তা যাচাই-বাছাই করে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে তিনি আশা করেন। তাঁকে মনোনয়ন দেওয়া হলে এ আসনে ধানের শীষের জয় হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি কে এম তারিকুল ইসলাম আরিফ মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এক-এগারোর (২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণ) পর থেকে বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে আসছি। আগামী দিনে দল আমাকে মনোনয়ন দিলে বিএনপির জয় নিশ্চিত করার ব্যাপারে আমি আশাবাদী। ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গোলাম সারোয়ার, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম সালামও মনোনয়ন পাওয়ার আশায় পোস্টার, বিলবোর্ড টানানোর পাশাপাশি সভা-সমাবেশ করছেন।
শাহজাদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম হাবিবুল হক সাব্বির বলেন, ‘এ অঞ্চলে বিএনপির সাংগঠনিক ভিত বরাবরই শক্তিশালী। সে কারণে আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও নানা মিথ্যা মামলা জড়ানোসহ প্রতিনিয়ত আমাদের সাংগঠনিক কাজে বাধা দিয়ে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা, যে কারণে রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে পরিচালনা করতে না পারলেও আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি আবারও চাঙ্গা হচ্ছে। ’
জামায়াত : জোটগত নির্বাচন হলে বিএনপি জোটের শরিক জামায়াতে ইসলামী এখানে বিএনপি প্রার্থীকেই সমর্থন জানাবে বলে দলীয় সূত্র জানা যায়। দলটির প্রায় ৪০ হাজার ভোট রয়েছে, যা বিএনপি প্রার্থীর বিজয়ে বড় নিয়ামক।
জাতীয় পার্টি : বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির তেমন তত্পরতা না থাকলেও দলটির শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক সাহান চৌধুরী দুজনই মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
Reporter Name 

























