হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সফল অস্ত্রোপচার ও সুস্থভাবে দেশে ফেরায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল বাদ আসর কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে কোরআন খতম, শোকরানা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমদ মিলন, মেজর খালেদ আখতার (অব.) উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে আরো ছিলেন বিএনএ জোটের মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, জাপা কেন্দ্রীয় নেতা রেজাউল ইসলাম ভুঁইয়া, আলমগীর সিকদার লোটন, দিদারুল আলম দিদার, জহিরুল আলম রুবেল, ইসহাক ভুইয়া, এ কে এম আসরাফুজ্জামান খান প্রমুখ।
এ সময় রওশন এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সবার দোয়ায় এইচ এম এরশাদ সুস্থ হয়েছেন। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবেন, ইনশাল্লাহ। আমি মহাসচিবসহ জাতীয় পার্টির সব নেতাকে আন্তরিকভাবে মোবারক বাদ জানাই এরকম দোয়া মাহফিল করার জন্য।’
উল্লেখ্য, গত ২০ অক্টোবর সিঙ্গাপুরে এইচ এম এরশাদের হার্টে সফল অস্ত্রোপচার হয়।
Reporter Name 

























