হাওর বার্তা ডেস্কঃ সাঘাটা-ফুলছড়ি উপজেলা নিয়ে গাইবান্ধা-৫ আসন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। তবে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির এ আসনে বিএনপি’র একটা শক্তিশালী অবস্থান ছিল এক সময়। ১৯৭৯ সালে বিএনপি থেকে এমপি নির্বাচিত হন ফুলছড়ির রোস্তম আলী মোল্লা। ১৯৯৬ সালেও বিএনপি থেকে এমপি হন মতিয়ুর রহমান টুকু। মতিয়ুর রহমান টুকুর অকাল প্রয়াণের পর এ আসন থেকে নির্বাচন করে কেউ শক্ত অবস্থানে যেতে পারেননি।
এ আসন থেকে বর্তমানে মাঠে সময় ব্যয় করছেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী রাহিদুল ইসলাম রাহী। সভা-সমাবেশ কিংবা দলীয় নেতাকর্মীদের মামলা-মোকদ্দমার ব্যয় বহনে ভূমিকা পালন করছেন তিনি। ঢাকায় ব্যবসা থাকলেও দলীয় কর্মসূচিসহ জন-সম্পৃক্ততা বাড়াতে ব্যস্ত সবসময়। মামলা-মোকদ্দামা ছাড়াও জেলে থাকা নেতাকর্মীদের পরিবারের খোঁজ-খবরও রাখছেন। মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। তবে বর্তমানে ভোটের রাজনীতিতে শক্তিশালী ভিত স্থাপন করে দলকে এগিয়ে নিচ্ছেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ মোহাম্মদ আলী। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী হয়েছিলেন তিনি। সামান্য ব্যবধানে পরাজিত হলেও বিগত ২৫ বছরে বিএনপি থেকে যেকোনো নির্বাচন করে এতটা সম্মানজনক ভোট পাননি কোনো প্রার্থী। আগামী নির্বাচনে দল চাইলে প্রার্থী হয়ে আরও শক্তভাবে লড়বেন বলে জানান। বয়সে তরুণ আরেক নেতা এবিএম সাইদুর রহমান রয়েল ছাত্র রাজনীতি থেকে উঠে এসে মাঠে অধিক সময় ব্যয় করছেন। সভা-সমাবেশ ছাড়াও নিজ উদ্যোগে জনকল্যাণমূলক কাজে সময় দিচ্ছেন। এবার বিএনপি থেকে মনোনয়ন চাইবেন। বিএনপি থেকে আরও মনোনয়ন প্রত্যাশী হলেন, নাজেমুল ইসলাম নয়ন। তিনিও চেষ্টা চালাচ্ছেন জোরেশোরে।
আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান নিটল বলেন, দুই বছর ধরে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীদেও জোটবদ্ধ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত আছি। তিনি দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও বেকারদের চাকরির ব্যবস্থা করবেন। মাদক, সন্ত্রাস, জঙ্গিদমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি করবেন। তিনি, নদীভাঙন রোধকল্পে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
অপর দলীয় মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলে দেশের শ্রেষ্ঠ উপজেলায় পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
Reporter Name 

























