হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা কাজ করে যাচ্ছেন। দলীয় সভানেত্রী ও চেয়ারপার্সনের দৃষ্টি আকর্ষণ করতে মনোনয়ন প্রত্যাশীদের চেষ্টার কোনো কমনি নেই। এ আসনে আওয়ামী লীগ ও বিএনপি দু’দলেরই একক প্রার্থী বলা। নির্বাচনে ভাগ্য নির্ধারণ করবে এলাকার সাধারণ এবং নিরপেক্ষ ভোটাররা। তাদের ভোট যার পক্ষে যাবে তিনি এ আসনের এমপি নির্বাচিত হবেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী এলাকার ৪ বার নির্বাচিত সাবেক এমপি বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি একরামুল করিম চৌধুরী।
বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ২০০৮ সালের নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে পরাজিত করে ’৭৩-এর পর প্রথম বারের মতো আওয়ামী লীগের পক্ষে আসনটি পুনরুদ্ধার করেন। এবারো তার মনোনয়ন পাওয়া অনেকটাই নিশ্চিত। বিএনপি থেকে এই আসনে পরপর চারবারের নির্বাচিত এমপি বিএনপির চেয়ারপার্সনের আস্থাভাজন মোহাম্মদ শাহজাহানের মনোনয়ন পাওয়া প্রায় নিশ্চিত। ২০০৮ সালে নির্বাচনে বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ১ লাখ ৩১ হাজার ৭০৬ ভোট পেয়েছেন। তার প্রতিপক্ষ চারবারের নির্বাচিত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৫৬ ভোট। অপরদিকে মেজর আবদুল মান্নান বিকল্প ধারার প্রার্থী হয়ে ৩১ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন। এতে বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বিজয় সহজ হয় বলে অনেকে মনে করেন।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনটি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়ন, আন্ডার চর ইউনিয়ন, বিনোদপুর ইউনিয়ন, দাদপুর ইউনিয়ন, ধর্মপুর ইউনিয়ন, এওজবালিয়া ইউনিয়ন, কাদির হানিফ ইউনিয়ন, কালাদরফ ইউনিয়ন, নোয়াল্লাই ইউনিয়ন, পূর্ব চর মটুয়া ইউনিয়ন নিয়ে গঠিত।
এ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহানের মনোনয়ন নিশ্চিত। কারণ মো. শাহজাহানের বিকল্প কোনো নেতা নেই বললেই চলে। তা ছাড়া শাহজাহান দলীয় কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় এবং তিনি এলাকায় জনপ্রিয় ব্যক্তি। সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে মো. শাহজাহানের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনমুখী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি সম্মেলনের মাধ্যমে কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ আসনে বিএনপির দলীয় কোন্দল না থাকায় বিএনপির জন্য এটি প্লাস পয়েন্ট। দলীয় নেতাকর্মীরা মো. শাহজাহানের নেতৃত্বে সংঘবদ্ধ।
নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান হাওর বার্তাকে জানান, নোয়াখালী-৪ আসনের জনগণের দুঃখ দীর্ঘ বছরে তারা কোনো মন্ত্রী পায়নি। যার ফলে এলাকার কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। মো. শাহজাহান দল ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে গ্রহণযোগ্য নেতা। তিনি এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের চারবারের সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান বলেন, আমি জনগণের স্বাধীন মতামতে বিশ্বাস করি। জনগণ যাতে স্বাধীনভাবে, স্বাচ্ছন্দ্যে, নির্বিঘে তাদের মতামত ব্যক্ত করতে পারে সেই সুযোগ পাওয়ার দাবি জানাচ্ছি। আমি গণতন্ত্র বিশ্বাস করি, জনগণের মতামতেও বিশ্বাস করি। স্বাধীনচেতা জনগণ যে মতামত দেবে আমি তা মাথা পেতে নেব।
অন্যদিকে নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত মো. নোমান জানান, মো. শাহজাহানের বিকল্প কোনো বিএনপির প্রার্থী নেই। তিনি কর্মীবান্ধব ও নোয়াখালী বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনগুলোকে টিকিয়ে রেখেছেন। দলীয় সাংগঠনিক কর্মতৎপরতার পাশাপাশি জনগণ ও এলাকার সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে অবস্থানে আছেন। মোহাম্মদ শাহজাহানের জনপ্রিয়তায় আগামী নির্বাচনে হারানো আসনটি পুনরুদ্ধার করবে বলে তিনি আশাবাদী।
এক সময়ের বিএনপি অধ্যুষিত নোয়াখালী এখন নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিণত হয়েছে। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির দৃঢ় নেতৃত্বে এটা সম্ভব হয়েছে বলে মনে করছেন জেলার নেতারা। দলীয় সাংগঠনিক কর্মতৎপরতার পাশাপাশি জনগণ ও এলাকার উন্নয়নেও সমান মনোযোগী এমপি একরামুল করিম চৌধুরী। ফলে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন দিনের পর দিন। তিনি এ এলাকায় উন্নয়ন ছাড়া কাজের তদারকির করেছেন, যা সাধারণ মানুষের মনে দাগ কেটেছে। নোয়াখালী জেলার সাংগঠনিক কাঠামো যখন প্রায় শূন্যের কোঠায় তখনি ২০০৪ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর জেলায় দলের সাংগঠনিক অবস্থান জোরাল করতে কাজ করেন তিনি। দলের আভ্যন্তরীণ কোন্দল এত বেশি জটিল হয়ে উঠেছিল যে, একরাম চৌধুরীর পক্ষে তা মেনে নেয়া সম্ভব ছিল না। এক পর্যায়ে তিনি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। পরে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বিশেষ অনুরোধে তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। এর পরে শুরু হয় একরাম চৌধুরীর ক্যারিশম্যাটিক যুগের সূচনা। একে একে তিনি দলের সুবিধাবাদীদের বাইরে রেখে দল পুনর্গঠনে হাত দেন। তার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব ‘বিএনপির দুর্গ’ এখন ‘আওয়ামী লীগের দুর্গ’ নামে পরিচিত হয়ে উঠেছে। স্থানীয় সরকার নির্বাচনে জেলার প্রায় ৯০ শতাংশ ইউপি-উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। এটা একরাম চৌধুরীর দৃঢ় নেতৃত্বেই সম্ভব হয়েছে বলে মনে করেন দলের নেতাকর্মীরা।
তার সাংগঠনিক দক্ষতার কারণে দীর্ঘ ২৪ বছর পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিজয়ী হয় আওয়ামী লীগ। এরপর বিগত দশম জাতীয় নির্বাচনেও তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, একরামুল করিম চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে আরো সংগঠিত করার জন্য কাজ করছেন। ইতিমধ্যে সদর-সুবর্ণচরের প্রায় প্রতিটি ইউনিয়নে জনসভা করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন তিনি। এ ছাড়া বিভিন্ন সময়ে তিনি নেতাকর্মীদের মধ্যে সাহায্য-সহযোগিতা করতেও কার্পণ্য করেন না। একরামুল করিম চৌধুরীর সাংগঠনিক দক্ষতা ও উন্নয়ন তৎপরতার প্রশংসা করেন নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
একরামুল করিম চৌধুরীর মতে, দেশের সব জায়গার চেয়ে নোয়াখালীতে আওয়ামী লীগকে বেশি শক্তিশালী করতে চান। আর সেটা সম্ভব করবেন নেতাকর্মীদের নিয়ে সম্মিলিত প্রচেষ্টায়।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম চৌধুরী সেলিম বলেন, একরামুল করিম চৌধুরীর বিকল্প আর কেউ নেই। একই অভিমত ব্যক্ত করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুগ্ম সম্পাদক একেএম শাছুদ্দীন জেহান, আবদুল মোমিন বিএসসি ও সাংগঠনিক সম্পাদক একেএম শামছুদ্দিন সেলিমসহ অনেকে।
তবে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী দলীয় মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামছুন্নাহার হলের ছাত্রী সংসদের ভিপি ছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ছেলে গোলাম মহি উদ্দিন লাতু মনোনয়ন চাইতে পারেন বলে সূত্রে জানা যায়। গোলাম মহি উদ্দিন লাতু মনোনয়ন চাইলেও নেতাকর্মীদের মতে একরামুল করিম চৌধুরীর ব্যক্তিত্ব, রাজনৈতিক যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার কাছে মহি উদ্দিন লাতু কোনোভাবেই বিকল্প প্রার্থী হতে পারেন না বলে দলের নেতাকর্মীরা মনে করেন।
এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু। তার মনোনয়নের জন্য তিনি দলীয় হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। তবে তিনি জাতীয় পার্টি থেকেও মনোনয়ন চাচ্ছেন আবার মাহাজোট থেকে মনোনয়ন চাচ্ছেন বলে জানা যায়।
জামায়াতে ইসলামী এ আসনে জোটবদ্ধ নির্বাচন না হলে স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। এ ছাড়া জেলা জাসদ (ইনু) সভাপতি সলিম উল্যাহ ও সাবেক সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ, কেন্দ্রীয় জাসদ (রব) মেম্বার ফিরোজ আলম মিলনসহ ছোটখাটো দলগুলোরও অনেকে মনোনয়ন চাইতে পারেন।
এদিকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দৌড়ঝাঁপ সীমাবদ্ধ থাকছে না। শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের হাটবাজারগুলোতে বইতে শুরু করছে নির্বাচন হাওয়া। এ মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন এলাকায় ঘুরে অঘোষিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আর ভোটাররাও বিএনপি-আওয়ামী লীগের স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিচার-বিশ্লেষণ অব্যাহত রেখেছেন। জেলা সদরের এ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের। বিএনপি তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে সর্ব প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানা গেছে। অন্যদিকে তার পাশাপাশি আওয়ামী লীগ তাদের আসনটি যেন হাতছাড়া না হয় সে চেষ্টা অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে।
Reporter Name 

























