হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ১০টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত। ২০১৩ সালের ৬ জুলাই প্রথমে দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুই পৌরসভায় ভোটার সংখ্যা ৪৭ হাজার ২১৭ জন। এর মধ্যে নারী ভোটার ২৩ হাজার ১৮৭ এবং পুরুষ ভোটার ২৪ হাজার ৩০ জন। আড়াইহাজার পৌরসভাটি এরই মধ্যে ‘গ’ গ্রেড থেকে ‘খ’ গ্রেডে উন্নীত হয়েছে। সব ঠিকঠাক থাকলে ২০১৮ সালের মার্চ অথবা এপ্রিলের মধ্যেই হতে পারে নির্বাচন।
নির্বাচন কেন্দ্র করে আগাম প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রায় এক ডজন প্রার্থী। তারা নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের কাছে লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি এলাকায় ব্যাপকভাবে গণসংযোগ করছেন। ছবি সংবলিত ব্যানার, পোস্টা, বিলবোর্ডে ছেয়ে গেছে অলিগলি ও রাস্তাঘাট। তবে দুই পৌরসভায়ই একাধিক সম্ভাব্য প্রার্থী থাকায় কিছুটা অস্বস্তিতে আওয়ামী লীগ। অন্যদিকে প্রার্থীর সংখ্যা কম থাকায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে বিএনপি।
জানা গেছে, আড়াইহাজার পৌরসভায় দলীয় প্রতীক প্রত্যাশা করছেন বর্তমান মেয়র হাবিবুর রহমান, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, এমপি নজরুল ইসলাম বাবুর ভাগ্নে ইকাবাল হোসেন মোল্লা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা, সাধারণ সম্পাদক হারুন রশীদ মোল্লা ও সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি মোজ্জামেল হক জুয়েলসহ আরও অনেকে। বিএনপি থেকে লবিং করছেন থানা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ আলী ভূঁইয়া ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদসহ আরও অনেকে। এদিকে, গোপালদী পৌরসভায় লবিং করে যাচ্ছেন থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র আবদুল হালিম সিকদার, থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী বেনজীর আহম্মেদ। বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান শওকত আলী ও থানা বিএনপির ক্রীড়া সম্পাদক আবু কালাম ভূঁইয়া। পারভীন আক্তার জানান, দলীয় প্রতীক পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। নারী হয়েও বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ব্যাপকভাবে অংশ নিয়েছেন। মেয়র হাবিবুর রহমান জানান, মেয়র হওয়ার পর রাস্তাঘাটসহ বিভিন্ন খাতে উন্নয়ন করেছেন তিনি। পৌরসভাবাসীকে শতভাগ নাগরিক সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করেছেন। সুন্দর আলী জানান, প্রতিদিন তিনি দলীয় কর্মসূচিতে অংশ নেয়াসহ ভোটারের কাছে যাচ্ছেন। দলীয় প্রতীক পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
মেয়র আবদুল হালিম সিকদার জানান, মেয়র নির্বাচিত হয়ে তিনি ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা ঘাটের উন্নয়ন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
সাবেক চেয়ারম্যান শওকত আলী জানান, তিনি একটানা ১০ বছর তৎকালীন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে নির্বাচনে ভোটের লড়াইয়ে তিনি নিজেকে যোগ্য বলে দাবি করেন। কাজী বেনজীর আহম্মেদ জানান, এর আগে তিনি দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার বিশ্বাস, আগামী নির্বাচনে তাকেই দলীয় প্রতীক নৌকা দেয়া হবে।
Reporter Name 

























