হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পালে নতুন করে আশার সঞ্চার হয়েছে। গত শনিবার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরায় সদিচ্ছা প্রকাশ—নির্বাচনী রাজনীতিতে আশার ইঙ্গিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এর মধ্যদিয়ে সব দলকে নিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকার যে এখনো আশাবাদী—তারও আভাস মিলল। এমনকি আলোচনার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পথ বের করার ব্যাপারে প্রধানমন্ত্রীর আলোচনার আশ্বাস, এই আশার গতিকে আরো বেগবান করেছে।
একইভাবে নির্বাচন ঘিরে ক্ষমতার বাইরে থাকা বড় রাজনৈতিক দল বিএনপির মনোভাবও ইতিবাচক। গতকাল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ শেষে দলটি আগামী নির্বাচন ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানে কিছুটা আশাবাদী হয়েছে।
নির্বাচন ঘিরে আয়োজিত সংলাপের একেবারে শেষ প্রান্তে এসে নির্বাচন কমিশনও (ইসি) আশা দেখছে সব দলের অংশগ্রহণেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা গত শনিবার রাজধানীর এক অনুষ্ঠানে দশম সংসদ নির্বাচন বর্জন করলেও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি এ কথাও বলেছেন, আমি বিশ্বাস করি, আমাদের প্রতি বিএনপির আস্থা রয়েছে এবং তারা আগামী নির্বাচনে অংশ নেবে। এর ফলে নির্বাচন ঘিরে রাজনীতিসহ সর্ব মহলে নতুন করে আশা জেগেছে।
রাজনৈতিক ও নির্বাচন বিশ্লেষকদের মতে, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর সদিচ্ছাই যথেষ্ট। যদিও প্রধানমন্ত্রী শুরু থেকেই তার সদিচ্ছার কথা পুুনর্ব্যক্ত করে আসছেন। কিন্তু নির্বাচনকালীন সরকার, নির্বাচনে ভোটগ্রহণ পদ্ধতি, নির্বাচনী মাঠে সেনাবাহিনীর থাকা-না থাকা ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিয়ে বিএনপির সঙ্গে ক্ষমতাসীনদের মতবিরোধে নানা ধরনের আলোচনা ও সমালোচনা হচ্ছে। প্রধানমন্ত্রীর সদিচ্ছা প্রকাশেও আস্থা রাখতে পারছে না বিএনপি। এমন পরিপ্রেক্ষিতে সর্বশেষ গত কয়েকদিনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসির নির্বাচনী ভাবনা নির্বাচনী রাজনীতিতে কিছুটা হলেও পরস্পরের প্রতি আস্থা এনেছে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ বের করতে প্রধানমন্ত্রীর আশ্বাস ও ইসির সঙ্গে সংলাপে বিএনপির আশাবাদ-সুষ্ঠু নির্বাচনের পথে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।
অবশ্য বিশ্লেষকরা এসব আশ্বাস ও আশাবাদ বাস্তবায়নই মুখ্য বলে মনে করছেন। এ ব্যাপারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে ও বিএনপির আশাবাদে আপাতত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভালো মনে হচ্ছে। তবে পরস্পরের প্রতি আস্থার সংকট রয়েছে। তারা যেসব আশ্বাস দিচ্ছেন, সেগুলো কতটুকু বিশ্বাস করেন ও কতটুকু বাস্তবায়ন করবেন—সেটাই দেখার বিষয়। যদি মন থেকে দেন এবং বাস্তবায়নে যার যার জায়গা থেকে তৎপর হন, তা হলে অবশ্যই সব দলের অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নতুবা সবকিছুই কথার কথা হয়ে থাকবে।
নানা ইস্যুর কারণে কয়েক মাস ধরেই নির্বাচনী রাজনীতিতে তেমন কোনো উত্তাপ ছিল না বললেই চলে। রোহিঙ্গা ইস্যু সামাল দিতে ব্যস্ত ও কঠিন সময় পার করছে সরকার। একদিকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতো বিশাল চাপ সামাল দিতে হচ্ছে; তেমনি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে চালাতে হচ্ছে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক রাজনীতি। রোহিঙ্গা ইস্যুটি যেন কিছুতেই রাজনৈতিকভাবে কেউ ব্যবহার করতে না পারে, সেদিকেও সতর্ক নজর রাখতে হচ্ছে ক্ষমতাসীনদের। ফলে নির্বাচন নিয়ে সরকার বা ক্ষমসতাসীনদের তেমন কোনো দৃশ্যমান রাজনীতি চোখে পড়েনি।
একইভাবে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১৫ জুলাই যুক্তরাজ্যে গেলে দলের রাজনীতিতেও ঢিলেঢালা ভাব পরিলক্ষিত হয়। আগামী ১৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার। প্রায় ৮৩ দিন বিদেশে থাকায় নানা ইস্যুতে বিএনপি সরব থাকলেও নির্বাচনী রাজনীতিতে তেমন কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি। এ সময় ইসির সঙ্গে সংলাপে বসা ছাড়া নির্বাচনী কোনো ইস্যুতে কথা বলতে শোনা যায়নি দলের কোনো নেতাকে।
তবে গত কয়েকদিনে হঠাৎ করেই কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি অক্টোবরের প্রথম সপ্তাহে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ে বিএনপির মাঠপর্যায়ে আতঙ্ক দেখা দেয়। একই সঙ্গে দলীয় প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে পরপর পাঁচটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়ে চিন্তিত দলটির নীতিনির্ধারকরা। এই ধরপাকড় ও দেশে ফেরার প্রাক্কালে খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক গ্রেফতারি পরোয়ানার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন দলের নেতারা। তারা মনে করছেন, এর সঙ্গে আগামী নির্বাচনের সম্পর্ক রয়েছে। এর মাধ্যমে সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে আরো চাপে ফেলতে চাইছে।
এরই মধ্যে গত মাসের শেষের দিক থেকে শুরু হয়ে গত কয়েকদিন ধরে প্রধান বিচারপতি ইস্যু নতুন করে উত্তাপ ছড়ায় রাজনীতিতে। প্রধান বিচারপতির ছুটির কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং তার বিরুদ্ধে রাষ্ট্রপতির ১১টি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের নিয়ে তোলপাড় চলে দেশজুড়ে। এ নিয়ে কিছুটা হলেও চাপের মুখে রয়েছে সরকার।
অবশ্য খালেদা জিয়ার দেশে ফেরা নিয়েও কিছুটা উত্তেজনা রয়েছে রাজনীতিতে। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে কি না-তা নিয়ে নানা মহলে নানা ধরনের আলোচনা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশে ফিরলে খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি সেটি হয় তা হলে রাজনীতি ও নির্বাচনী রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়েও শঙ্কা রয়েছে। কারণ বিএনপি মনে করছে, খালেদা জিয়া যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্যই সরকার এ পথে যাচ্ছে।
এমন অবস্থায় গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও রাজধানীর এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারের এবং গতকাল বিএনপির জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদের বক্তব্যে রাজনীতি ও নির্বাচনী রাজনীতিতে কিছুটা হলেও আশার সঞ্চার করছে।
শনিবারের দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাদের প্রতি বিএনপির অংশগ্রহণে নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। সেই বৈঠকে আলোচনা হয়, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে নির্বাচন প্রসঙ্গে আগের অবস্থানেই থাকবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন, বর্তমান সংসদীয় এলাকার সীমানা বহাল রাখা, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) কোনো সংশোধন না আনা, ইলেকট্র্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করার প্রস্তাব থাকবে আওয়ামী লীগের। এ ছাড়া দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। ফলে দলটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রস্তাব দেবে না।
একইভাবে নির্বাচন কমিশনের সঙ্গে পৌনে তিন ঘণ্টার সংলাপ শেষে বিএনপি আগামী নির্বাচন ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানে কিছুটা আশাবাদী হয়েছে। গতকাল সংলাপ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের খুব বেশি কিছু করার নেই। তারপরও এই সংলাপের পর বিএনপি কিছুটা আশাবাদী তো বটেই।
এ ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেছেন, সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন হবে না। এ জন্য প্রধানমন্ত্রীর ইচ্ছাটাই গুরুত্বপূর্ণ। সরকার সুষ্ঠু নির্বাচন চায় কি না এটা গুরুত্বপূর্ণ। সরকারের যদি সেই ইচ্ছা না থাকে কখনো ভালো নির্বাচন করা যাবে না। যে কোনো সরকারের মনে রাখা উচিত, কী ধরনের সরকারব্যবস্থা হলে অর্থনীতি ও সংস্কৃতির উন্নয়ন ভালোভাবে করা সম্ভব হবে। বিশেষ করে প্রধানমন্ত্রীর ইচ্ছাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, সরকার যদি মনে করে তারা নির্বাচন অবাধ ও স্বচ্ছ করবে তাহলে সেটা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সোচ্চার হতে হবে।
এই বিশ্লেষক বলেন, ভোটের দিনে যেন ক্ষমতাসীনরা কেন্দ্র দখল না করে, পুলিশ যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মচারীরা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে-সরকারকে সে বার্তা দিতে হবে। তবেই তাদের সদিচ্ছা প্রকাশ পাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান বলেন, শুধু এখনই নয়, আওয়ামী লীগের কাউন্সিলেই প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে দলকে সতর্ক করে দিয়েছিলেন। তিনিও মনে করছেন যে আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে ও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। ২০১৪ সালের নির্বাচন যে ত্রুটিমুক্ত ছিল না, তা বুঝতে পেরেছে সরকার। সুতরাং এবার তারাও চাইবে নির্বাচন সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে হোক।
‘কীভাবে নির্বাচন হবে, সেটি কিন্তু সংবিধানের ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদের মধ্যে রয়েছে। নির্বাহী বিভাগ ইসিকে সহযোগিতা করবে। এটি তাদের দায়িত্ব নয়, কর্তব্য। করতেই হবে। নতুবা অপরাধ বলে গণ্য হবে। ইসি স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করবে। সংবিধানেই বলা আছে, নির্বাচনের সময় কী ধরনের সরকার হবে। সুতরাং আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া গেলে তবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। মনে রাখতে হবে, নির্বাচনের সময় সরকার হবে ছোট ও ইসি হবে বড়। ব্যস, তবেই সব সমাধান বলেও মন্তব্য করেন এই উপাচার্য।
Reporter Name 

























