হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে রাজবাড়ী-২ আসন। এ আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে অনেকে মনে করছেন। তবে আওয়ামী লীগ আসনটি ধরে রাখতে চাইছে, আর বিএনপি আসনটি পুনরুদ্ধারের চেষ্টা করছে। বর্তমান এমপি’র বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেক অভিযোগ ও ক্ষোভ যেমন রয়েছে তেমনি বিএনপি’র গ্রুপিং অনেকটা প্রকাশ্যে রূপ নিয়েছে। বিএনপি’র একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ও সাবেক জেলা বিএনপি’র সভাপতি নাসিরুল হক সাবু। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ। পাংশা-কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা নিয়ে রাজবাড়ী-২ আসন গঠিত। আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে বর্তমান এমপি মো. জিল্লুল হাকিম ছাড়াও যারা মনোনয়ন চাইতে পারেন তারা হলেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. ইকবাল আর্সনাল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম ছিদ্দিকী হক, পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাছান অদুদ সহ আরো কয়েকজন।
অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল বলেন, রাজবাড়ী-২ আসনের তিনটি উপজেলায়ই আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা অস্বস্তি ও হতাশার মধ্যে রয়েছে। অনেকে প্রশাসনিক হয়রানির স্বীকার ও হচ্ছেন। এগুলো থেকে জনগণের পরিত্রাণ পাওয়া জরুরি বলে এলাকাবাসী মনে করেন। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে পেশাজীবী সংগঠনগুলোর নেতৃত্ব দিয়ে আসছেন। তার বাবা এ আসনের প্রয়াত সংসদ সদস্য ডা. একেএম আসজাদ ছিলেন একজন জনপ্রিয় নেতা ও অভিজ্ঞ চিকিৎসক। ডা. ইকবাল আর্সনাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চাইলে আমি এ আসনের এমপি প্রার্থী হবো।
পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস স্থাপন করে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। আগামী নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাইতে পারি। দল যদি মনে করে আমাকে মনোনয়ন দেবে অথবা দল যাকে যোগ্য মনে করে তাকে প্রার্থী করবেন। আমি তার জন্য নিবেদিত হয়ে কাজ করব।
কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম ছিদ্দিকী হক বলেন, দলের প্রতিটি স্তরে বর্তমান সংসদ সদস্য গ্রুপিং সৃষ্টি করে রেখেছেন। এ আসনটি ধরে রাখতে হলে প্রার্থী বদল হওয়া জরুরি ব্যাপার হয়ে দেখা দিয়েছে। নতুবা এ আসনটি ধরে রাখা সম্ভব হবে না বলে অনেকে মনে করছেন ।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু বলেন, বর্তমান সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম ও তার সমর্থকদের বাইরে নেতাকর্মীরা আজ অবহেলিত, নেতা কর্মীরা নির্যাতিত, প্রতিহিংসার স্বীকার। এ ঘৃণ্য অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হলে প্রার্থী পরিবর্তন খুবই জরুরি। তিনিও দাবি করেন এ আসনে প্রার্থী পরিবর্তন করে যোগ্য প্রার্থী মনোনয়ন দিলে আসনটি ধরে রাখা সম্ভব হবে।
বর্তমান এমপি মো. জিল্লুল হাকিম বলেন, আমার নির্বাচনী এলাকায় কোনো নেতাকর্মীর আমার বিরুদ্ধে কোনো ক্ষোভ বা অভিযোগ নেই। আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। অতীতের তুলনায় পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা যতেষ্ঠ শান্ত এবং এসব উপজেলায় বর্তমানে বেশ শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। আমার সাধ্যমতো সকলকে সমান ভাবে উপকার করার চেষ্টা করেছি। আমি আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হবো বলে মনে করি। নেত্রী আমাকে যেমনভাবে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেছেন। ঠিক তেমনি ভাবে আমাকে পুনরায় দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন এবং আমি আমার নির্বাচনী এলাকার জনগণের ভোটে আবার এমপি নির্বাচিত হবো।
এ আসনের বিএনপি’র মনোনীত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি মো. নাছিরুল হক সাবু ছাড়াও জেলা বিএনপি’র উপদেষ্টা কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আশরাফুল ইসলাম মিয়া, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আঃ রাজ্জাক খান, মনোনয়ন চাইতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সাবেক এমপি নাসিরুল হক সাবু বলেন, জনগণের জন্য রাজনীতি করি। এ আসনের জনগণ আমার অনেক আপন। তিনি এর আগে এ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। এবারও দল তাকে মনোনয়ন দেবেন বলে তিনি আশা করেন।
জেলা বিএনপি’র উপদেষ্টামণ্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. আশরাফুল ইসলাম মিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছি। আমি দলের কাছে মনোনয়ন চাইব। তবে নেত্রী যোগ্য প্রার্থীকেই মনোয়ন দেবেন। নেত্রীর কথার বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই। যে প্রার্থী ধানের শীষ প্রতীক পাবেন আমি তার জন্যই কাজ করবো।
সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বলেন, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং তিনি রাজবাড়ী-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন। দল তাকে মনোনয়ন দিলে তিনি প্রার্থী হবেন। নতুবা দল যাকে প্রার্থী দেবেন তিনি তা মেনে নিয়ে তার সঙ্গে কাজ করবেন।
সহ-সভাপতি এডভোকেট আঃ রাজ্জাক খান বলেন, দলের দুঃসময় থেকে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করে আসছি। এখনও করছি, আশা করি নেত্রী এসব কথা ভুলে যাবেন না। দল মনোনয়ন দিলে এ আসন থেকে নির্বাচন করবো।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপি’র বাইরে জাতীয় পার্টি পাংশা উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মনোনয়ন চাইবেন। এ ছাড়া জামায়াত, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও অন্যান্য দল জোট মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
সংবাদ শিরোনাম
বিএনপিতে গ্রুপিং আওয়ামী লীগে ক্ষোভ
-
Reporter Name - আপডেট টাইম : ১১:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
- ২৯০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ


























